ব্যক্তি উদ্যোগে ঘুচলো গ্রামবাসীর দুঃখ
গ্রামের নামে ইউনিয়ন অথচ সেই গ্রামে নেই কোনো রাস্তাঘাট, এমন কী ভালো কাঁচা রাস্তাও নেই। বর্ষাকালে কাঁদা-পানি পাড়ি দিয়ে যাতায়াত করতো গ্রামবাসী। বছরের বাকি সময় ধুলোবালি, উঁচু-নিচু ঢিবি পাড়ি দিয়ে যাতায়াত করত তারা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের উমেদপুর গ্রামের দৃশ্য এটি।
গ্রামটিতে ভোটার মাত্র ৪শ’ জন। কম লোকসংখ্যার কারণেই হয়তো সেখানকার বসতিদের কপালে জোটেনি কোনো রাস্তাঘাট। অবশেষে দুঃখ-দুর্দশা ঘোচাতে ব্যক্তি উদ্যোগে ৯ লাখ টাকায় গ্রামবাসীর জন্য রাস্তা করে দিলেন নিয়ামুল করিম টিপু নামে একজন সমাজসেবক।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, প্রায় ১ কিলোমিটার রাস্তা এখন পাকা হওয়ায় তাদের আনন্দের সীমা নেই। গ্রামটির বয়োজ্যেষ্ঠরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিয়ামুল করিম টিপুর কাছে। গ্রামবাসী তার পিতা হাফেজ আব্দুল করিমের নামে সড়কটির নামকরণ করেছেন। শুক্রবার বিকেলে রাস্তাটির উদ্বোধন করা হয়। এ সময় গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
রাস্তা নির্মাণকারী নিয়ামুল করিম টিপু জানান, ছোটবেলা থেকেই দেখে আসছিলেন গ্রামের রাস্তাটির বেহালদশা। কিন্তু সামর্থ্য না থাকায় কিছু করতে পারেননি। এখন স্বাবলম্বী হওয়ায় গ্রামবাসীর জন্য রাস্তাটি করলেন।
গ্রামের বাসিন্দা মিজানুর রহমান, মোজাব্বার আলী সাদিসহ কয়েকজন জানান, বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে বছরের পর বছর ধর্ণা ধরে আসলেও কেউ কথা রাখেনি। তাদের রাস্তা করে দেয়নি। এমন অবস্থায় ব্যক্তি উদ্যোগে রাস্তা নির্মাণ হওয়ায় স্বস্তি ফিরে এসেছে গ্রামটিতে।
এদিকে এই গ্রামের রাস্তাঘাট না থাকা আর এমন অবস্থায় ব্যক্তি উদ্যোগে তৈরি হওয়া রাস্তা সম্পর্কে কোনো খোঁজ জানেন না ইউনিয়নের চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা। তিনি জানান, গ্রামের রাস্তা নির্মাণ হওয়া সম্পর্কে তিনি অবগত নন।