ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে চুরি যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে গভীর রাতে ঘুমন্ত মা-বাবার কোল থেকে চুরি হওয়া ১৭ দিনের শিশু সানজিদার মরদেহ পাওয়া গেছে। চুরির তিনদিন পর বুধবার ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোরে স্থানীয়রা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় তারা। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এর আগে, রোববার রাতে সানজিদাকে নিয়ে ঘুমান মা-বাবা। রাত আনুমানিক ২টার দিকে তারা জেগে দেখেন তাদের মেয়ে বিছানায় নেই। তার বালিশটিও খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজা খোলা।
নিহত শিশু সানজিদার বাবা সুজন খান বলেন, প্রতিবেশীদের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ ও স্বজনদের সঙ্গে কলহ রয়েছে। শত্রুতার জেরেই কেউ আমার ১৭ দিন বয়সী মেয়টিকে চুরি করে হত্যা করেছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সুজন খানের বাড়ির পাশের পুকুর থেকেই শিশু সানজিদার মরদেহ উদ্ধার করেছি। তার হত্যাকারীকেও খোঁজা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ওসি আরো বলেন, শিশু সানজিদার বাবা সুজন খানের আগেও বিয়ে ছিল। ওই স্ত্রীরও দুই বছরের একটা মেয়ে আছে। সানজিদাকে চুরি ও হত্যার পেছনে পারিবারিক কোনো ষড়যন্ত্র কিনা আমরা খতিয়ে দেখছি।