ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২০ বছর ধরে জাম্বুরা বিক্রি করেন ফজিলাতুন্নেসা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ১২ নভেম্বর ২০২০
২০ বছর ধরে জাম্বুরা বিক্রি করেন ফজিলাতুন্নেসা 
ফজিলাতুন্নেছা ছবি: ডেইলি বাংলাদেশ

জীবনের শেষ বেলায়ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন বৃদ্ধা ফজিলাতুন্নেছা। স্বামী সন্তানহীন একাকিত্বের জীবনেও বেছে নেননি ভিক্ষাবৃত্তির পথ। 

এক সময় নারায়ণগঞ্জ শহরের ডায়মন্ড চত্বরে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বৃদ্ধা ফজিলাতুন্নেছা। এখন আমড়া ও জাম্বুরা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। 

সরেজমিনে দেখা গেছে, বৃদ্ধা ফজিলাতুন্নেছা নারায়ণগঞ্জ শহরের ডায়মন্ড চত্বরে যেখানে আগে ডায়মন্ড সিনেমা হল ছিল সেই নির্মাণাধীন ভবনের সামনে আমড়া ও জাম্বুরা বিক্রি করছেন। চোখে ঠিকমতো দেখেন না কানেও ঠিকমতো শোনেন না তারপরেও ব্যবসা করেই জীবিকা নির্বাহ করছেন তিনি। 

জাম্বুরা কিংবা আমড়া ছুলতে গিয়ে তার হাত কাপলেও নিজেই করেন সবকিছু। 

ফজিলাতুন্নেছা জানান, তিনি চাঁদপুর জেলার মতলব থানার কদমতলী এলাকার বাসিন্দা প্রয়াত হাকীম ভূঁইয়ার স্ত্রী। স্বাধীনতা যুদ্ধের আগে তিনি স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে চলে আসেন। তার স্বামী হাকীম ভূঁইয়া ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। অনেক বছর আগে বিদ্যুতের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। 

বর্তমানে থাকেন দেওভাগ পাক্কা রোডের খানকা গলির মন্টু হাজির বাড়িতে। 

তিনি বলেন, ‘দুনিয়ায় আইছি একা যাইতেও হইবো একা। তয় একলা থাকলেও অনেক শান্তিতে আছি। ২০ বছরের বেশি সময় ধইরা ব্যবসা করে খাই। সরকারের তরফ থেকে বয়স্ক ভাতার কিছু টাকা পাই। তা দিয়া আমার চলে যায়। কারো কাছে হাত পাতি না।

তার বয়স কতো এমন প্রসঙ্গে তিনি বলেন, বয়স কতো সেইডা তো জানি না। তয় বৃটিশ আমলে জন্মাইছি।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!