কিশোরগঞ্জে রেস্টুরেন্টের রান্নাঘরে রহস্যজনক বিস্ফোরণ, আহত ৩
কিশোরগঞ্জ শহরের ঈশাখাঁ রোড এলাকায় বুধবার সন্ধ্যার দিকে একটি রেস্টুরেন্টের রান্নাঘরে রহস্যজনক বিস্ফোরণ হয়েছে। নিরালা টাওয়ারের দ্বিতীয়তলায় অবস্থিত কয়লা নামক একটি রেস্টুরেন্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোকানের তিন কর্মচারী সামান্য আহত হন। তাদের বাসায় চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার কিছু আগে হঠাৎ করে রান্নাঘরের ভেতরে বিকট শব্দ হয়। এ সময় রান্নাঘরের অন্তত ৪০ ফিট দূরে অবস্থিত মোটা গ্লাসের দরজা, বাথরুমের দরজাসহ ভেতরের দুই পাশের জানালার গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। রেস্টুরেন্টে ভেতরে থাকা লোকজন দৌড়ে বাইরে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন ঘটনাস্থলে যায়।
দোকানের কর্মচারীরা জানান, রান্নাঘরের ভেতরে গ্যাসের চুলার কাছে একটি আলো খেতে পান তারা। মুহূর্তে বিকট শব্দ শুনতে পান। এ সময় হাতে, মুখে মাথায় সামান্য দগ্ধ হন তিন কর্মচারী।
তবে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, সেখানে অগ্নিকাণ্ড, কিংবা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. জয়নাল আবেদীন জানান, পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এখানে আসলে কি হয়েছে সেটি সঠিকভাবে বলা যাচ্ছে না।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন জানান, প্রাথমিকভাবে সেখানে কোনো আগুনের আলামত পাওয়া যায়নি।
এ ব্যাপারে রেস্টুরেন্টের মালিকপক্ষের কারো বক্তব্য জানা যায়নি। তবে ঢাকায় অবস্থান করা কয়লা রেস্টুরেন্টের মালিক এনায়েত করিম অমি মোবাইল ফোনে জানান, বিস্ফোরণের বিষয়টি তার কাছেও রহস্যজনক বলে মনে হচ্ছে।