দাফনের ১৫ দিন পর কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিল দুর্বৃত্ত
কবর খুঁড়ে এক বৃদ্ধার মাথা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে পাবনার ঈশ্বরদীর জয়নগর কেন্দ্রীয় গোরস্থানে এ ঘটনা ঘটে। মাথাবিহীন মরদেহটি উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
মরদেহটি জয়নগর পূর্বপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী ফজিলা খাতুনের। তিনি ১৫ দিন আগে মারা যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে সকালে কবরস্থানে ভিড় করেন এ দৃশ্য দেখার জন্য।
গোরস্থান কমিটি বিষয়টি জানতে পেরে ঈশ্বরদী থানা ও সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করে। খবর পেয়ে ঈশ্বরদী থানার ওসি নাসির উদ্দীন ও সলিমপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা ঘটনাস্থল পরিদর্শন করেন.
আরো পড়ুন: কাঠের মালা পরে ছদ্মবেশে ভারতে পালাচ্ছিল এসআই আকবর
গোরস্থান কমিটি সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন ফজিলা খাতুন। ওই দিনই পরিবারের পক্ষ থেকে জয়নগর কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। কিন্তু দুই সপ্তাহ পর কে বা কারা কবর খুঁড়ে ফজিলা খাতুনের মরদেহের মাথা কেটে নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ওসি নাসির উদ্দীন জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি জিডি করা হলে মরদেহটি আবার দাফন করা হবে।