খুলনায় চিরকুট লিখে ফ্যানের সঙ্গে ফাঁস দিলেন প্রকৌশলী
খুলনায় চিরকুট লিখে এক প্রকৌশলী আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ইমরান মাহমুদ গোপালগঞ্জের বাসিন্দা। তিনি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডে (কেপিসিএল) সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) হিসেবে কর্মরত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে কেপিসিএলের জিএম রেজাউল করিম জানান, দুপুরে কেপিসিএলের ডরমিটরির তিন তলার একটি ঘরে ফ্যানের সঙ্গে ইমরান মাহমুদের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
ইমরানের সহকর্মীরা জানান, সকালে শিফটে কাজে না যাওয়ায় ইমরান মাহমুদকে খোঁজাখুঁজি করে সবাই। এক পর্যায়ে ডরমিটরিতে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে ওই প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে নিজের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর লিখে দাফন-কাফনের খরচ ও পাওনাদারের টাকার পরিমাণ ও পরিশোধের কথা জানিয়েছেন প্রকৌশলী ইমরান মাহমুদ। নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি।
ওসি আরো জানান, দুই বছর আগে বিয়ে করেন ইমরান। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ডিভোর্স লেটার পাঠায়। আত্মহত্যার পেছনে দাম্পত্য কলহ কিংবা পারিবারিক বিরোধ থাকতে পারে। প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।