ইতালির হাসপাতালে ১২ বছর চিকিৎসার পর মৃত্যু, লাশ এলো দেশে
ইতালিতে ১২ বছর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যাওয়া বরিশালের সৈয়দ লতিফুর রহমান স্বপনের (৫৩) মরদেহ দেশে এসেছে।
মঙ্গলবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমানে স্বপনের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। বিকালেই তার গ্রামের বাড়ি বাবুগঞ্জের রাকুদিয়ায় মরদেহ নেয়া হয়।
জানা গেছে, আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন স্বপন। ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৫ সালে ইতালি যান তিনি। আগামীকাল বুধবার সকাল ১০টায় পরিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
স্বপনের পরিবারের লোকজন জানান, ইতালির পেশকারা শহরের একটি শোরুমে চাকরি করতেন তিনি। ২০০৮ সালে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। এতে তার মস্তিষ্কে রক্তক্ষরণসহ গুরুতর জখম হন। সেখানের একটি হাসপাতালে ১৮ দিন কোমায় থাকার পর চেতনা ফিরে পেলেও মানসিক ভারসাম্য হারান তিনি।
তারা আরো জানান, মানসিক ভারসাম্য হারানোর পর থেকে স্বপনকে পেশকারা সেন্ট্রাল হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। দীর্ঘ ১২ বছর ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।