[ দেশজুড়ে ]
নেত্রকোনায় ট্রলারডুবি: আরো দুই মরদেহ উদ্ধার, মোট ১৩
গোমাই নদীতে উদ্ধার অভিযান। ফাইল ছবি
নেত্রকোনার কলমাকান্দায় ট্রলারডুবির ঘটনায় আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জন হলো।
শুক্রবার দুপুরে ওই উপজেলার রাজনগরের গোমাই নদী থেকে মনিরা আক্তার নামে এক শিশু ও রতন মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগরে।
কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানান, স্থানীয়রা রাজনগরের গোমাই নদী থেকে মরদেহ দুটো উদ্ধার করে পুলিশকে জানায়। এরপর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নেত্রকোনার ঠাকুরাকোনা বাজারে যাচ্ছিল। কলমাকান্দার রাজনগর এলাকায় গোমাই নদীতে বিপরীতমুখী বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ওইদিন ফায়ার সার্ভিস ও পুলিশ ১১টি মরদেহ উদ্ধার করে। শুক্রবার দুপুরে আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!