ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তানভীরের ২০০ টাকার বাগানে এখন লাখ টাকার ফুল

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ৬ সেপ্টেম্বর ২০২০
তানভীরের ২০০ টাকার বাগানে এখন লাখ টাকার ফুল
নিজের বাগানে ফুল ও গাছের তদারকি করছেন তরুণ উদ্যোক্তা তানভীর

তরুণ উদ্যোক্তা তানভীর। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুলতানপুরে নিজ বাড়িতে মাত্র ২০০ টাকা পুঁজিতে শুরু করেছিলেন ফুলের বাগান। তার সেই বাগানে এখন দেশি-বিদেশি ফুলের সমাহার। ৩০ লাখ টাকার ফুল-ফলের গাছে ভরে উঠেছে বাগান।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করা তানভীর চাকরির পেছনে না ছুটে ফুল বাগান করে হয়েছেন স্বাবলম্বী। তিনি এখন সুলতানপুরের অন্যতম তরুণ উদ্যোক্তা।

তানভীর জানান, শিশু বয়স থেকেই বড় আকারের আন্তর্জাতিক মানের ফুলের বাগান করার স্বপ্ন ছিল তার। বাড়ির চারপাশে মায়ের গড়ে তোলা বাহারি ফুলের বাগান দেখেই ফুলের প্রতি প্রেম জেগে ওঠে তার। এ কারণে নিজের ভিটায় ২৪ শতাংশ জমিতে গড়ে তুলেছেন ফুলের বাগান। ২০১৪ সাল থেকে ফুল গাছ উৎপাদন ও বিপণনকে পেশা হিসাবে নেন তানভীর।

তিনি আরো জানান, বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক ফুলের ও ফলের গাছ রয়েছে তার। বন্ধুদের মাধ্যমে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন, ভিয়েতনামসহ ২৫টি দেশ থেকে বীজ ও কাণ্ড সংগ্রহ করেছেন। তার বাগানে ১০৫ প্রজাতির শাপলা, ৫৬ প্রজাতির পদ্ম, শতাধিক প্রজাতির জবা, ৫০ প্রজাতির ফল ও ৪০ প্রজাতির অন্যান্য গাছ রয়েছে।

সুলতানপুর গ্রামের আব্দুল করিম বলেন, তানভীরের এমন বাগান এখন সাধারণত দেখা যায় না। সে নিজের বাগানের ফুল ও ফলের গাছ বিক্রি করে স্বাবলম্বী হয়েছে। উচ্চ শিক্ষিত এমন তরুণ উদ্যোক্তা আজকাল দেখা যায় না।

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, তানভীরের ফুলের বাগান ব্যতিক্রম। তিনি নিয়মিত উপজেলা কৃষি বিভাগ থেকে পরামর্শ ও সহযোগিতা নেন। তার মতো আরো কেউ এমন বাগান করতে চাইলে কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!