ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়লার স্তূপে কঙ্কাল, পাশে পড়ে ছিল পোশাক-জুতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ৩১ আগস্ট ২০২০
ময়লার স্তূপে কঙ্কাল, পাশে পড়ে ছিল পোশাক-জুতা
সোহান

গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপ থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌরসভার বহেরারচালা গ্রামের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

কঙ্কালটি স্থানীয় আব্বাস আলীর ছেলে সোহানের বলে দাবি স্বজনদের। সোহান মাস্টারবাড়ি এলাকার আবুল প্রধান কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। প্রায় এক মাস আগে নিখোঁজ হয়েছিল সোহান।

আরো পড়ুন: বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করল মেয়ে

সোহানের বাবা আব্বাস আলী জানান, ৩ আগস্ট বিকেলে নিখোঁজ হয় সোহান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান মেলেনি। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় জিডি করা হয়। মাসখানেক পার হলেও সোহানের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরো জানান, সোমবার সকালে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তূপে মানুষের কঙ্কাল দেখে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে কঙ্কালের পাশে হলুদ শার্ট, জিন্সের প্যান্ট ও জুতা দেখে তিনি সোহানের কঙ্কাল বলে দাবি করেন।

আরো পড়ুন: সেই কিশোরীর জীবিত ফেরা, দুই আসামির জামিন নাকচ

সোহানের মা নাজমা বেগম জানান, ৩ আগস্ট বিকেলে সোহান স্থানীয় লিচু বাগান এলাকায় তার খালা সেলিনা বেগমের বাসায় যায়। পরে খালার কাছ থেকে ২০ টাকা নিয়ে পাশে দোকানে যাওয়ার কথা বলে বের হয় সোহান। এরপর থেকে সে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যায় স্থানীয় সফর উদ্দিনের ছেলে আজিজুল হকের সঙ্গে সোহানকে ওয়ালটন মোড় এলাকায় দেখেছে বলে জানিয়েছে এলাকাবাসী। আজিজুল মাদকসেবী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ সোহানের বলে দাবি করেছেন তার বাবা আব্বাস আলী। কঙ্কালটি প্রকৃতই সোহানের কি না তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। আজিজুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!