শিশুকে নির্যাতন করে সেই সৎমা কারাগারে গেলেন
চট্টগ্রামের পটিয়ায় আট বছর বয়সী শিশুকে নির্যাতনের অভিযোগে আটক সৎমা নিশু আকতারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার আদালত তাকে কারাগারে পাঠায় বলে জানিয়েছেন জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান। এর আগে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।
নিশু আকতার ওই উপজেলার শোভনদন্ডী ইউপির রশিদাবাদ এলাকার মো. নাজিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। নির্যাতনের শিকার শিশু মাইশা নাজিম উদ্দিনের প্রথম স্ত্রীর সন্তান।
অতিরিক্ত এসপি মো. তারিক রহমান জানান, শিশুটিকে নির্যাতনের ঘটনায় মঙ্গলবার তার বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। এরই প্রেক্ষিতে ওই রাতেই সৎমা নিশু আকতারকে তার বাবার বাড়ি থেকে আটক করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বোনকে (সৎ মায়ের মেয়ে) কোলে না নেয়াসহ বিভিন্ন অজুহাতে শিশু মাইশাকে মারধর করতেন নিশু আকতার। মঙ্গলবার দুপুরে মেরে মাথা ফাটিয়ে দিলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর থেকে ঘটনাটি জানাজানি হয়। এ সময় তার শরীরে আগের বেশকিছু জখমের চিহ্ন পাওয়া যায়।
মাইশার বাবা নাজিম উদ্দিন বলেন, ছয় বছর আগে মাইশার বয়স যখন দুই বছর, তখন আমার স্ত্রী মারা যায়। সে আমার বোনের কাছে ছিল। কিছুদিন আগে স্কুলে ভর্তি করানোর জন্য তাকে বাড়িতে নিয়ে আসি। মাইশাকে এভাবে নিশু মারধর করতো তা আমি জানতাম না। মাইশাও আমাকে কখনো বলেনি।