ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে দুই বস্তা ইয়াবা উদ্ধার, আটক ৩  

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ১০ জুলাই ২০২০
টেকনাফে দুই বস্তা ইয়াবা উদ্ধার, আটক ৩  
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৫। শুক্রবার সকাল ও দুপুরে হোয়াইক্যং ইউপি তুলাতুলি ছড়া ও বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শরনার্থী শিবিরের ব্লকএ-১৯ বাসিন্দা মো. ইলিয়াছ এর ছেলে মোহাম্মদ শফি, হোয়াইক্যং ইউপি তুলাতুলি গুনাপাড়ার বাসিন্দা আবুল কাশেমের ছেলে আব্দুল করিম ও উখিয়া বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা শরনার্থী শিবিরের ব্লক-বি, ৮৩ বাসিন্দা নুর আহাম্মদের ছেলে আলী জোহর। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি বলেন, হোয়াইক্যং ইউপি তুলাতুলি মসজিদ সংলগ্ন কালভার্টের নিচে ছড়া দিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পায়ে হেঁটে ইয়াবার একটি বড় চালান নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

এ সময় ধৃতদের তিনজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে তাদের কাঁধে থাকা কয়েকটি দেশীয় তৈরি কিরিচসহ দুটি বস্তা তল্লাশী করে ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে পলাতক আসামিদের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে নাফনদী দিয়ে  ইয়াবার চালান পাচার করে থাকে।

অপর দিকে শুক্রবার কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বহন করে শামলাপুরের দিকে আসছে এমন তথ্যে হোয়াইক্যং শামলাপুর সড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশীর সময় আলী জোহর নামে একজনকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ওই ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!