ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে!’

করলা গাছ কেটে সাবাড়
সাবজাল হোসেন, ঝিনাইদহ
প্রকাশিত: ২২:০৩, ৮ জুলাই ২০২০
‘মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে!’
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জের কৃষকের ক্ষেতের পেঁপে গাছ কাটার ৪ দিন পরেই আরেক ভূমিহীন কৃষকের প্রায় ১৫ শতক জমির করলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাঈদ ওই গ্রামের তাকের হোসেনের ছেলে।

কৃষক আবু সাঈদ জানান, আমার নিজের কোনো জমি নেই। গ্রামের লুৎফর রহমানের ৫২ শতক জমির একটি লিচু বাগান দেখাশোনার চুক্তিতে আমি ওই জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করে আসছি। একপাশে আমি প্রায় ১৫ শতকের মতো করলার চাষ করেছিলাম। বেশ পয়সা খরচও করেছি। করলা বিক্রি করে সামান্য খরচ উঠাতে পেরেছি। বুধবার রাতে দুর্বৃত্তরা আমার সেই করলার ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে। বলতে গিয়ে কৃষক আবু সাঈদ কান্নায় ভেঙে পড়েন।

Advertisement

ওই জমির মালিক লুৎফর রহমান জানান, ছেলেটির কোনো জমি নেই। তাই আমার ওই লিচু বাগানটি দিয়েছি যাতে সবজি চাষ করে কিছু আয়রোজগার করতে পারে। এ জন্য আমি কোনো পয়সা নিই না। আবু সাঈদ রাতদিন পরিশ্রম করে ওই বাগানে বিভিন্ন সবজির চাষ করে সংসার চালায়। তার করলা গাছগুলো কেটে দিয়েছে শুনেছি। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে!

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া জানান, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো। কালীগঞ্জ ইউএনও সূবর্ণা রানী সাহা জানান, আমি শুনেছি। কৃষককে লিখিত অভিযোগ দিতে বলেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, একইভাবে শুক্রবার রাতে উপজেলার মল্লিকপুর গ্রামের কৃষক মাজেদুল ইসলামের ৩ শতাধিক পেঁপে গাছ কে বা কারা কেটে সাবাড় করে দেয়। 

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!