দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মা নদীর তীব্র স্রোতের ফলে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে এবং গোয়ালন্দ প্রান্তে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে।
এদিকে ঘাট কর্তৃপক্ষ বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্র বলছে, পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের যানবাহনের বাড়তি চাপের কারণেও দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। এ রুটে ১৬টি ফেরির মধ্যে বর্তমানে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন জানান, পদ্মার তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের যানবাহনের বাড়তি চাপ রয়েছে দৌলতদিয়ায়। স্রোতের তীব্রতা কমলে এবং ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারলে এ লাইন দ্রুত কমে যাবে।
ডেইলি বাংলাদেশ/আরএম