অনৈতিক প্রস্তাবে নারাজ শিক্ষিকাকে বাথরুমে আটকে রাখলেন প্রধান শিক্ষক
নেত্রকোনার আটপাড়ায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মঙ্গলবার তার বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত ইকবাল বাহার বানিয়াজান ইউপির মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার রাতে আটপাড়া ইউএনও মাহফুজা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।
ইউএনও জানান, লিখিত ওই অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক ইকবাল অনেকদিন ধরে ওই শিক্ষিকাকে আচার-আচরণে বিভিন্নভাবে অনৈতিক ইঙ্গিত দিয়ে আসছিলেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় ইকবাল অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য ৪ আগস্ট বিদ্যালয়ের বাথরুমে শিক্ষিকাকে আটকে দিয়ে চলে যান। পরে ওই শিক্ষিকা বাথরুম থেকে বের হতে না পেরে চিৎকার শুরু করলে তার সহকর্মী সহকারী শিক্ষক আলমগীর কবির পাঠান তাকে উদ্ধার করেন।
অপরদিকে অভিযুক্ত ইকবাল বাহার জানান, বাথরুমের ভেতরে শিক্ষিকা ছিলেন কি না তার জানা ছিল না। তবে এতে শিক্ষিকা বাজে মনোভাব দেখালে সব শিক্ষকদের নিয়ে বসে ওই শিক্ষিকার কাছে দুঃখ প্রকাশ করা হয়।
এদিকে ইউএনও মাহফুজা সুলতানা আরো জানান, আটপাড়ার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার খাতুনকে তদন্ত ভার দেয়া হয়েছে। শনিবার তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/জেএস