মুজিবনগরে সৌদি আরবের খেজুর চাষে সফলতা
মেহেরপুর জেলার মুজিবনগর কমেপ্লেক্সে পরীক্ষামূলকভাবে তৈরি বাগানে এ বছর ২০ টি গাছে থোকায় থোকায় ঝুলছে খেজুর। চলছে সাকারের মাধ্যমে চারা তৈরির প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যে যে মান ও স্বাদের ফল হয়, সেই মানের ফলই গাছ থেকে পাওয়া যাচ্ছে। খেজুর চাষে সফলতা বলে কৃষি বিজ্ঞানীরা মত প্রকাশ করনে। খবর: বাসস
বিজ্ঞানীরা বলছেন, এখন প্রয়োজন এ অঞ্চলে একটি খেজুর রিসার্চ সেন্টার। তাহলেই সারা দেশে ছড়িয়ে দেয়া সম্ভব মধ্য প্রাচ্যের ফল খেজুর চাষ।
বিজ্ঞানীরা বলছেন, মধ্যপ্রাচ্যের আবহাওয়ার সঙ্গে এখনকার আবাহাওয়ার মিল না থাকায় এ পর্যায় আসতে অনেক প্রতিক’লপরিবেশ পাড়ি দিতে হয়েছে তাদের। তবে ২০ টি গাছে পরিপূর্ণ ফল আসায় খুশি তারা। এখন পরীক্ষা নিরিক্ষা চলছে ফলের মিষ্টতা ধরে রাখার।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে দেশেই এ ফল উৎপাদনের দ্বার খুলতে যাচ্ছে। ১০ টি জাত নিয়ে মেহেরপুরের মুজিবনগরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এ চাষ। কয়েকটি জাত বাছাই করে কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা চলছে বলে জানালেন কৃষি বিজ্ঞানীরা।
চিকিৎসকেরা বলছেন, খেজুরটি দেশে উৎপাদন করা সম্ভব হলে সহজে পূরণ হবে পুষ্টি চাহিদা। আর আমদানি নির্ভর হতে হবেনা। এখন মেহেরপুরের মুজিবনগরে সৌদি আরবের খেজুরের চাষ হচ্ছে। শুষ্ক অঞ্চল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের সঙ্গে কিছুটা মিল রয়েছে মেহেরপুর অঞ্চলের। তারপরও বেলে ও বেলে-দো-আঁশ মাটিতে ভাল জন্মে। কৃষি বিশেষজ্ঞদের মতে সব ধরণের মাটিতেই খেজুর গাছ চাষ করা যায়। তবে পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা থাকতে হবে।
মাটির গুনগত মান ও আবহাওয়ার কথা বিবেচনা করে মুজিবনগরে সৌদি আরবের খেজুর চাষ শুরু হয়েছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম শহীদুল্লাহ বলেন, দেশে মধ্যপ্রাচ্যের ফল খেজুরেরর আমদানি নির্ভরতা কমাতে হলে সারা দেশে এ ফলের চাষ ছড়িয়ে দিতে হবে। এ খেজুর চাষে কিছু সমস্যাও দেখা দিতে পারে। বর্ষাকালে পুষ্পমুঞ্জরীকে ঢেকে দিতে পারলে মধ্যপ্রাচ্যের মতই ফল উৎপাদন করা সম্ভব।
ধান গবেষণা ইনস্টিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুর রহমান দেওয়া বলেন- এ চাষ দেশে ছড়িয়ে দিতে পারলে দেশে তাজা খেজুরের চাহিদা মেটানো সম্ভব। তবে মধ্যপ্রচ্যের আবহাওয়া ও এখনকার আবহাওয়া এক না হওয়ায় সংরক্ষণের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী গবেষণার। ফলে এ অঞ্চলে সরকারিভাবে একটি ডেট রিসার্চ সেন্টার তৈরি দাবি জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক ড. মো. আখতারুজ্জামান বলেন, এখন পর্যন্ত মেহেরপুরের মাটিতে মধ্যপ্রাচ্যের খেজুরের চাষ ভাল হচ্ছে বলে তিনি আশাবাদী। এখানকার আবহাওয়া ও মাটি খেজুর চাষের জন্য উপযোগি এবং এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে কিভাবে আরো ভালো করা যায় এবং এখান থেকে সারা দেশে ছড়িয়ে দেয়া যায়।
ডেইলি বাংলাদেশ/এমকে