স্কুলছাত্রীকে গণধর্ষণ, মামলা তুলে নিতে হত্যার হুমকি
মাদারীপুরের শিবচরে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলা তুলে না নিলে ওই ছাত্রীকে এসিড দিয়ে জ্বালিয়ে দিবে বলে আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর মা।
শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, দত্তপাড়ার স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউপির ব্রাহ্মণপাড়া এলাকার ছলেমান শিকদারের ছেলে পারভেজ শিকদারের প্রেমের সম্পর্ক চলছিল। গত ১ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে তিন বন্ধু অটোবাইকে তুলে নিয়ে যায়। উপজেলার দত্তপাড়া ইউপির মগড়া পুকুর পাড় এলাকার রতন বিশ্বাসের বাড়িতে আটকে রেখে ওই ছাত্রীকে পারভেজ ও তার দুই সহযোগী গণধর্ষণ করে। আসামিরা ঘটনার সময় ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও প্রকাশ করে তারা।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত ৬ এপ্রিল মাদারীপুর আদালতে মামলা দায়ের করলে পারভেজ ও তার সহযোগিরা গাঁ ঢাকা দেয়। পরে ১৬ এপ্রিল পুলিশ মোবাইল ট্র্যাকিং করে ধর্ষণের মূলহোতা পারভেজকে গ্রেফতার করে।
পারভেজের দুই সহযোগী হচ্ছে- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের নিকা মুন্সীর ছেলে সজিব মুন্সী এবং শিবচর উপজেলার দত্তপাড়া মগড়া গ্রামের দাদন শেখের ছেলে সাকিব শেখ।
ওই ছাত্রীর মা বলেন, পারভেজকে গ্রেফতার করার পর থেকেই মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দিচ্ছে ধর্ষকরা। মামলা তুলে না নিলে মেয়েকে এসিড দিয়ে জ্বালিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে। ধর্ষকদের ভয়ে মেয়েটি বিদ্যালয়ে যেতে পারছে না। তার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।
ওসি জাকির হোসেন মোল্লা আরো জানান, এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আশা করছি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।
ডেইলি বাংলাদেশ/আরএম