দেশে করোনায় টানা তৃতীয় দিন মৃত্যুশূন্য, শনাক্ত অপরিবর্তিত
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত হলো ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জনের শরীরে। এর আগে, গতকাল শনিবারও ৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় কেউই করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। টানা তিন দিন দেশে করোনায় কেউ মারা না যাওয়ায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনে অপরিবর্তিত থাকলো।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৮৭৯ ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ৮৭৯টি ল্যাবের মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি, র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬২টি। এ সময়ে সারাদেশ থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ৭ হাজার ৯৯টি। এদিন নতুন ও পুরোনো মিলিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৮৭টি। এ নিয়ে এখন পর্যন্ত অ্যান্টিজেনসহ দেশে নমুনা পরীক্ষা করা হলো ১ কোটি ৩৮ লাখ ৪৪ হাজার ৮৭৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯১ লাখ ৮২ হাজার ৯০২টি। আর বেসরকারি পর্যায়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৬১ হাজার ৯৭২টি।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জন।
এর আগে, শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ। ঐ সময়ে দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকলো।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।