ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

যশোরে ভারত ফেরত দুইজনের শরীরে করোনার ভারতীয় ধরন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ৮ মে ২০২১
যশোরে ভারত ফেরত দুইজনের শরীরে করোনার ভারতীয় ধরন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রীদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরনের অস্তিত্ব পাওয়া গেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন যবিপ্রবি ভিসি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।

এ অবস্থায় ওই দুই রোগীকে আলাদা চিকিৎসা দেয়ার পাশাপাশি তাদের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে নিয়ে নমুনা পরীক্ষার পরামর্শ দেয়া হয়েছে।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ হয়ে পড়ায় দেশটির সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। এতে সে দেশে চিকিৎসা নিতে গিয়ে আটকা পড়েন কয়েক হাজার বাংলাদেশি। তারা গত ২৬ এপ্রিল থেকে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন। ৪ মে পর্যন্ত বেনাপোল সীমান্ত দিয়েই ফিরেছেন এক হাজার ৫৭৭ জন। তাদের বেনাপোলসহ যশোর জেলা ও পার্শ্ববর্তী চার জেলার আবাসিক হোটেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ভারত ফেরতদের মধ্যে ১৬ জন ছিলেন করোনা পজিটিভ। তাদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পরীক্ষায় দুইজনের শরীরে করোনার ভারতীয় ধরনের অস্তিত্ব মিলেছে বলে নিশ্চিত করেছেন জিনোম সেন্টারের সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. ইকবাল কবীর জাহিদ। তিনি বলেন, তবে এটি ডাবল মিউট্যান্ট নয়। এরপরও সংক্রামণ রোধে সতর্ক হওয়ার বিকল্প নেই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!