ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ একদিনের হতাহত ]

মঙ্গলবারের হতাহতের পরিসংখ্যান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬:২৩, ২০ মার্চ ২০২৪
মঙ্গলবারের হতাহতের পরিসংখ্যান
ছবি: ডেইলি বাংলাদেশ

বিভিন্ন ঘটনায় মঙ্গলবার (১৯ মার্চ) সারাদেশে দুইজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

এর মধ্যে টাঙ্গাইলের নাগরপুরে পূর্বশত্রুতার জের ধরে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান ঝলককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সলিমাবাদ মধ্যপাড়া মসজিদের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ মধ্যপাড়া এলাকার ছামিনুর রহমানের ছেলে।

নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান, ঝলক তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় মাঠের কাছে ফাঁকা একটি জায়গায় এলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

এদিকে, লক্ষ্মীপুরে কামাল হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রামনগর এলাকার নুড়ী বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত কামাল বশিকপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও পদ্দার বাজারের ফল ব্যবসায়ী। সে ওই ইউনিয়নের রামনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।  

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে পূর্ব বিরোধদের জের ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজের অনুসারীরাই এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

একইদিন রাজধানীর ভাটারায় একটি নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে রাজু (২৮) নামে এক হোটেল কর্মচারী মারা গেছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাটারার বসুমতি আনসার ক্যাম্পের গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ঢাকার সাভারে এক সাংবাদিকের ছেলেসহ দুইজনকে কুপিয়েছে যখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দৈনিক যুগান্তরের সাংবাদিক মতিউর রহমানের ছেলে জিসান প্রামাণিক ও সিয়াম রাজা। উভয়েই সাভারের বিপিএটিসি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেডিও কলোনি গেটে একদল যুবক ঐ দুই শিক্ষার্থীকে ঘিরে ধরে এবং উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!