ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জাপান গার্ডেন সিটিতে কুকুর-বিড়াল হত্যা, ব্যবস্থা নেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৪, ২৩ নভেম্বর ২০২৪
জাপান গার্ডেন সিটিতে কুকুর-বিড়াল হত্যা, ব্যবস্থা নেয়ার দাবি
বিষপ্রয়োগে মৃত কুকুর, আহত বিড়াল ও পোস্টার

রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটিতে কয়েকটি কুকুর ও বিড়াল বিষপ্রয়োগে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। প্রাণিপ্রেমীরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার বিচার দাবি করেছেন। এই অমানবিক কার্যক্রমে স্থানীয় আবাসিক কমিটির কিছু সদস্য জড়িত বলে দাবি করা হয়েছে। ঘটনাটি পশুপ্রেমী, সাধারণ নাগরিক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

শুক্রবার (২২ নভেম্বর) মধ্যরাত এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে জাপান গার্ডেন সিটিতে একদল বসবাসকারী ‘জেজিজি লাইফ সেফটি’ নামের ব্যানার ব্যবহার করে বেওয়ারিশ কুকুর নিধনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিল। জাপান গার্ডেন সিটির ভেতরে এ সংক্রান্ত কিছু ব্যানার-ফেস্টুনও পাওয়া গেছে।

Advertisement

এর আগে, শুক্রবার সন্ধ্যায় জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগ করে কুকুর-বিড়াল হত্যা করা হচ্ছে বলে ফেসবুকে পোস্ট করেন একজন ব্যবহারকারী। এ সময় সেখানকার কুকুর-বিড়ালগুলো বাঁচাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সংক্রান্ত কিছু ভিডিও এবং ছবিও পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে রাতে জাপান গার্ডেন সিটিতে ছুটে যান অনেকে। এ সময় আদাবর থানা থেকে পুলিশ কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। 

বিষপ্রয়োগে মৃত কুকুর ও পোস্টার

এদিকে, প্রাণিপ্রেমীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন। কুকুর এবং বিড়াল হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্থপতি রাকিবুল হক এমিল। ইতোমধ্যে তার সংগঠনের পক্ষে আদাবর থানায় লিখিত অভিযোগ করেছেন অভিনয় শিল্পী কাজী নওশাবা আহমেদ। আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান এমিল।

রাতে সরেজমিন গিয়ে দেখা যায়, জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা খোলা একটি জায়গায় বসে আছেন। কয়েকজনকে পুলিশসহ আসতে দেখে সেখান থেকে অনেকে উঠে চলে যান। ঘটনাস্থলে বেশ কয়েকটি মৃত কুকুর ও আহত বিড়ালও পাওয়া গেছে। ২২ নম্বর বিল্ডিং ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারি শাহ নুর ভুঁইয়া সেখানে উপস্থিত ছিলেন। 

এ সময় শাহ নুর ভূঁইয়া আগত প্রাণিপ্রেমীদের বোঝানোর চেষ্টা করে বলেন, আমি নিজেও কুকুরগুলোকে খাবার দেই, আমার বাসা থেকেও দেয়। তাদের প্রতি এক ধরনের মায়া জন্মে গেছে। তবে এখানে কুকুরে কামড়ানোর মতো নেতিবাচক ঘটনাও আছে। এই কুকুরগুলোর কোনো মালিক নেই। অনেকে কুকুর নিয়ে অভিযোগ দেন। কুকুর দেখলে বের করে দিতে আমাদের কমিটি থেকে নিরাপত্তারক্ষীদের সিদ্ধান্ত দেওয়া আছে। আমরা কুকুরকে এখান থেকে বের করে দেই। তবে এ ঘটনা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি, সিটি কর্পোরেশনকে চিঠি দেব। আপনারা যথাযথ ব্যবস্থা নেন।

তিনি আরো বলেন, আমরা কুকুরমুক্ত এলাকা চাই, কিন্তু বিষ দিয়ে মারার পক্ষে আমরা নই। সিটি কর্পোরেশন এসে নিয়ে যাক, এটা আমরা চাই। কারণ কুকুরের জন্য সাধারণ বাসিন্দাদের পক্ষ থেকে আমাদের ওপর চাপ আছে।

জাপান গার্ডেন সিটিতে কুকুর হত্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জয়া আহসানের প্রতিবাদ

কুকুরের বিরুদ্ধে গত ৬-৭ মাস ধরে প্রচারণা তাহলে কারা চালাচ্ছে— এমন প্রশ্নে তিনি বলেন, আপনাদের মতো আরেকটা তরুণ প্রজন্ম আছে, যারা কুকুর চায় না।

এমন ঘটনার ছবি, ভিডিও প্রকাশ্যে আসলে তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। রাতভর অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপে থাকা প্রাণীপ্রেমীদের আহাজারিতে ভরে ওঠে সামাজিক মাধ্যম। সে খবর রীতিমতো পৌঁছে যায় দেশের শোবিজ অঙ্গনেও। প্রাণীপ্রেমী তারকাদের মনেও দাগ কাটে নির্মম এই ঘটনা। রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন অভিনেত্রী জয়া আহসান, সালমান মুক্তাদিরসহ অন্যরা।

এ ঘটনার নিন্দা প্রকাশ করে সামাজিক মাধ্যমে জয়া আহসান লিখেছেন, ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ- ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।

সালমান মুক্তাদিরও রীতিমতো ক্ষুদ্ধ হন এমন কর্মকাণ্ডে। প্রতিবাদের গলায় সালমান এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদের সঙ্গে এসব কি ঘটছে! আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশু-পাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নাই এখন আর। আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণি হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতেই হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিঃশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!