পেট চুক্তিতে প্রতি চালানে ২ হাজার পিস ইয়াবা এনে ৩০ হাজার টাকা করে পেতেন ওসমান। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
মঙ্গলবার ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।
.png)
তিনি বলেন, রাজধানীর সূত্রাপুর থানার ৩৪ বিকে দাস রোড এলাকায় ১৮ নভেম্বর অভিযান চালানো হয়। অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের হ্নীলার মাদককারবারি ওসমান গাজীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ওসমান গাজী জানান, তিনি হ্নীলায় পান ব্যবসার পাশাপাশি মাদক কারবারি মিজানুর রহমানের সহযোগী হিসেবে পেটে করে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা ঢাকায় এনে ৩০ হাজার টাকা করে পান।
ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে ইয়াবা পৌঁছে দিতেন ওসমান গাজী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা সুব্রত সরকার শুভ।