ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে শিয়ালের আক্রমণের শিকার ৩, গুরুতর একজনকে ঢাকায় প্রেরণ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ১৮ নভেম্বর ২০২৪
জাবিতে শিয়ালের আক্রমণের শিকার ৩, গুরুতর একজনকে ঢাকায় প্রেরণ
ছবি: সংগৃহীত

শিয়ালের কামড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীসহ মোট তিনজন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পৃথক পৃথক স্থানে শিয়ালের আক্রমণের শিকার হন তারা।

শিয়ালের কামড়ে আক্রান্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার, টারজান পয়েন্টের দোকানি জব্বার মিয়া ও আনসার সদস্য অজয় হাওলাদার।

আহত জব্বার বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন। ঐ শিয়ালটি জব্বারের মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পাশে শাহারিয়ারকে এবং বাংলা ফটকের মসজিদ–সংলগ্ন জায়গায় অজয় হালদার জয় শিয়ালের আক্রমণের মুখে পড়েন।

Advertisement

আহত অজয় হালদার বলেন, রাতে ঐ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটি শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে পায়ে কামড় দেয়। তখন আঘাত করলে আবার জঙ্গলে ভিতর চলে যায়।

এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, এ পর্যন্ত তিনজন আক্রান্ত পাওয়া গেছে। আহতদের ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। দোকানদার জব্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, শিয়ালটি সম্ভবত র‌্যাবিসে আক্রান্ত। এ কারণে পাগলাটে আচরণ করছে। অতি দ্রুত প্রাণীটি মেরে মাটিচাপা দিয়ে দিতে হবে। আর যারা আহত হয়েছেন, তাদের সবাইকে টিকা নিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!