ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পচা টিক্কা দেওয়ায় প্রতিবাদ, গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত করলো স্টার কাবাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ৬ অক্টোবর ২০২৪
পচা টিক্কা দেওয়ায় প্রতিবাদ, গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত করলো স্টার কাবাব
ফাইল ফটো

রাজধানীর বনানীতে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও দুর্গন্ধযুক্ত টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত করেছে কর্মচারীরা। এতে তার ডান হাত ও ডান পা ভেঙে যায়। এছাড়া কপাল ও মাথা ফেটে যায়।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সালেহ মোহাম্মদ রশীদ অলক একজন কৃষিবিদ। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

ঘটনার একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে ভুক্তভোগীকে বলতে শোনা যায়, দুপুরে তিনি ও তার এক বন্ধু স্টার কাবাবে যান। সেখানে  খাবারে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও দুর্গন্ধযুক্ত টিক্কা দেওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার বলেন, জীবনে টিক্কা খাননি? এটা এমনই হয়।

ম্যানেজারের কথা শুনে ঐ গ্রাহক প্রতিবাদ করলে আরো তিনজন গ্রাহক একই অভিযোগ করেন।

এরপর ম্যানেজার কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন। পরে তারা ভুক্তভোগী অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে থেকে নিচতলায় নামায় এবং সিঁড়িতে ফেলে ব্যাপক মারধর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার কাবাবের ১৪-১৫ জন স্টাফ ঐ গ্রাহককে মারধর করেছে।

ঘটনার বিষয়ে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার মুসলিম উদ্দিন বলেন, আমি ক্যাশ কাউন্টারে ব্যস্ত ছিলাম। স্টাফদের সঙ্গে ঐ কাস্টমারের ঝামেলা হয়েছে। মারধরের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না।

এদিকে বনানী থানার এসআই সাগর শাহরিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!