ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, গরমে অতিষ্ঠ যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৮, ১৪ জুন ২০২৪
বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, গরমে অতিষ্ঠ যাত্রীরা
ছবি: সংগৃহীত

ঈদের ছুটির সঙ্গে দুইদিন সাপ্তাহিক ছুটি মেলায় পরিবার নিয়ে ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীবাসী। ফলে সায়েদাবাদ-গাবতলীর মতো মহাখালী বাস টার্মিনালেও যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে যাত্রীর তুলনায় বাস কম থাকায় কাউন্টারগুলোর সামনে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন নারী-শিশুসহ ঘরমুখো মানুষ।

শুক্রবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, যানজটের কারণে ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলো ফিরতে দেরি হচ্ছে। বাস না আসায় আগাম টিকিট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। বাস এলেই দ্রুত ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

সিলেটের বিয়ানীবাজারগামী শাকিল আহমেদ বলেন, বাস সকাল ১১টায় ছাড়ার কথা ছিল। সে অনুযায়ী সাড়ে ১০টার দিকে এসে বসে আছি। তবে গাড়ি না থাকায় এখনো বসে থাকতে হচ্ছে। কাউন্টার থেকে জানানো হয়েছে তাদের বাস পথে আছে। এলেই ছেড়ে দেবে।

এনা ট্রান্সপোর্টের টিকিট কাউন্টার থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে যাত্রীদের অনেক চাপ রয়েছে। তবে যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো সঠিক সময়ে না ফেরায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আমরা নতুন করে টিকিটও দিতে পারছি না। 

টাঙ্গাইলগামী যাত্রী তন্ময় বলেন, ঘণ্টাখানেক সময় ধরে কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছি। কখন বাস আসবে, কখন টিকিট কাটবো আর কখন বাড়ি যাবো আল্লাহ জানেন।

নিরালা সুপার সার্ভিসের কাউন্টার থেকে জানায়, ঢাকা-টাঙ্গাইল রোডে যাত্রী তুলনামূলক বেশি আর রাস্তাটা যানজটপ্রবণ। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো এখনো ফিরতে না পারায় তারা বাস ছাড়তে পারছেন না। আগে টিকিট কাটা সব যাত্রী বাসে উঠতে না পারায় নতুন করে টিকিট দেওয়া বন্ধ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!