ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু

এক সন্তানকে মেরেছে, অন্য সন্তানকে নিয়ে ভয় দেখাচ্ছে: আয়হামের মা-বাবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ৬ মার্চ ২০২৪
এক সন্তানকে মেরেছে, অন্য সন্তানকে নিয়ে ভয় দেখাচ্ছে: আয়হামের মা-বাবা
ছবি: সংগৃহীত

মালিবাগের জেএস ডায়াগনস্টিক সেন্টারে খৎনা করাতে গিয়ে শিশু আহনাফ তাহমিন আয়হামের মৃত্যুর ঘটনায় করা মামলা তুলে নিতে শিশুটির বাবা-মাকে বিভিন্ন মাধ্যমে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় অপরিচিত নাম্বার থেকে ফোনের মাধ্যমে মামলা তুলে নিতে বলা হচ্ছে। অভিযুক্তরা বিভিন্ন উপায়ে মামলা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করছে বলেও অভিযোগ পরিবারের।

বুধবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আয়োজিত এক মানববন্ধনে আয়হামের বাবা ফখরুল আলম ও মা খায়রুন্নাহার এসব অভিযোগ করেন।

তারা বলেন, যারা আমাদের এক সন্তানকে মেরে ফেলেছে, তারাই আবার আমাদের অন্য সন্তান নিয়ে ভয় দেখাচ্ছে। আমার অন্য সন্তান কোন স্কুলে পড়ে, বয়স কত, এসব বিষয়ে জানার জন্য বিভিন্ন নম্বর থেকে ফোন দিচ্ছে।

Advertisement

আয়হামের বাবা ফখরুল আলম বলেন, আমার চাওয়া একটাই- বিচার যেন সুষ্ঠু হয়। ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে যেন পদক্ষেপ নেয়া হয়।

তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করা আর আসামিদের জামিন দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ফোন দিয়ে বলা হচ্ছে- আমরা বিচার পাব না। এখন অনিরাপত্তায় ভুগছি।

আয়হামের মা খায়রুন্নাহার বলেন, ওরা পরিকল্পিতভাবে আমাদের না জানিয়ে ওটির (অপারেশন থিয়েটর) মধ্যে তিন ঘণ্টা আয়হামকে আটকে রেখেছে। হাসপাতালে একটা অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত নেই। এমনকি আমাদের অন্য হাসপাতালেও নিতে দেয়নি। এজন্যই এটাকে আমরা হত্যাকাণ্ড বলছি। এটা অবহেলাজনিত কোনো মৃত্যু নয়। মারা যাওয়ার পর আমাদের জানায়নি তারা। আমাদের পারিবারিক চিকিৎসক এসে বের করেছে- আয়হাম মারা গেছে।

তিনি বলেন, ঘটনার পর মামলায় জামিন দিতে চাপ দেওয়া হচ্ছে বলে আমাদের আইনজীবী জানিয়েছেন।

মানববন্ধনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!