ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শীত আর কুয়াশার দাপটে গরম কাপড়ের দোকানে ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৬, ১৩ জানুয়ারি ২০২৪
শীত আর কুয়াশার দাপটে গরম কাপড়ের দোকানে ভিড়
ফাইল ফটো

দেশজুড়ে চলা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডার মধ্যে বইছে হিমেল হাওয়া। সকাল গড়িয়ে দুপুর হলেও অধিকাংশ এলাকায় নেই সূর্যের দেখা। গ্রামীণ জনজীবনের পাশাপাশি রাজধানীতেও একই অবস্থা। 

এমন অবস্থায় শীত নিবারণে রাজধানীজুড়ে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। বিভিন্ন বিপণী বিতান, শপিং মল থেকে শুরু করে ফুটপাতে দেদার বিক্রি হচ্ছে শীতের কাপড়।

শনিবার দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়।

Advertisement

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নুরজাহান সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূর ম্যানশন সুপার মার্কেট, নিউ সুপার মার্কেটসহ সবগুলো মার্কেটেই শীতের কাপড়ের ব্যাপক সমাহার। ব্যবসায়ী ও দোকানিরা ক্রেতাদের চাহিদা আর রুচির কথা মাথায় রেখে শীতের পোশাকের পসরা সাজিয়েছেন। 

এসব দোকানে জ্যাকেট, সোয়েটার, হুডি, ফুল স্লিভ টি-শার্ট, ব্লেজার, স্লিভলেস কোট, কটি, জিন্সের মোটা শার্ট-জ্যাকেট, ডেনিম শার্ট, উইন্টার কোট, উলের তৈরি শাল, খাদির শাল, মাফলার, কানটুপি, হাত-পায়ের মোজা পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ীরা জানান, শীতের অধিকাংশ ক্রেতাই তরুণ-তরুণী। সেজন্য তাদের পছন্দের কথা চিন্তা করে দোকানে ক্যাজুয়াল ফ্যাশনের কালেকশনই বেশি রাখা হয়েছে। এর মধ্যে এবার জ্যাকেটের চাহিদা বেশি।

নিউ মার্কেটের ব্যবসায়ী হাসান মোল্লা জানান, শীতের পোশাকে তরুণ-তরুণীদের পছন্দকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ তরুণ-তরুণীরা প্রতি বছরই নতুন কাপড় কিনে থাকেন।

তিনি বলেন, এ বছর বেচাকেনাও ভালো হচ্ছে। সম্প্রতি শীত বাড়ার কারণে দোকানে ক্রেতার পরিমাণও বেড়েছে। সবমিলিয়ে গত কয়েক বছরের তুলনায় এবার শীতের পোশাকের বেচাকেনা বেড়েছে।

রাকিবুল হাসান নামে ফুটপাতের এক পোশাক বিক্রেতা বলেন, সব ধরনের শীতের পোশাক বিক্রি হচ্ছে। কমদামে ভালো কাপড় দিচ্ছি। আমাদের তো দোকান ভাড়া ও কর্মচারী বিল নাই। তাই দামও কম।

ফুটপাতে কেনাকাটা করতে আসা আব্দুল মান্নান বলেন, নিজের জন্য শীতের কাপড় কিনছি। দাম কম হওয়ায় গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের জন্যও কিনছি। গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!