ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিউটি পার্লারে সেজেগোজে ছিনতাই, নারী ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩
বিউটি পার্লারে সেজেগোজে ছিনতাই, নারী ছিনতাইকারী গ্রেফতার
ফাইল ফটো

কেউ যাতে সন্দেহ না করেন সেজন্য বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করেন। এরপর বেরিয়ে পড়ে চুরি বা ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। 

রাজধানীর মিরপুর ১০ নম্বর থেকে রোববার এমনই এক ছিনতাইকারী মুক্তা বেগমকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুক্তা বেগম পেশাদার ছিনতাইকারী। মায়ের সঙ্গে থেকেই ছোটখাট চুরি করা শুরু করেন। মা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পরলে মুক্তা একজনকে সঙ্গে নিয়ে পুরো ছিনতাই শুরু করেন। মানুষের সন্দেহ এড়াতে গ্রহণ করেন অভিনব কৌশল। প্রতিবার ছিনতাইয়ে বের হওয়ার আগে বিউটি পার্লারে গিয়ে সেজে আসেন। বেশভূষা দেখে উচ্চবিত্ত মহিলা মনে হওয়ায় সহজেই কেউ সন্দেহ করে না তাকে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ছিনতাই করেন।

Advertisement

ছিনতাইয়ের কৌশল সম্পর্কে ওসি মোহাম্মদ মহসিন আরো বলেন, মুক্তা বেগম মার্কেটে গিয়ে প্রথমে কোন মেয়ের সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন। এরপর সুযোগ বুঝে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেন।

ওসি বলেন, গতকাল রোববার একইভাবে এক নারীর মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মুক্তা। ঐ নারীর চিৎকারে আশেপাশের লোকজন মুক্তাকে আটক করে। পরে ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল মিরপুর ১০নং সেকশনে ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

মুক্তা বেগমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এর আগেও তিনি ৭ বার গ্রেফতার হয়েছিলেন। মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!