ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গান গেয়ে নারীদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার সাকিব খাঁন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৯, ৪ সেপ্টেম্বর ২০২৩
গান গেয়ে নারীদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার সাকিব খাঁন
গ্রেফতার সাকিব খাঁন। ছবি: সংগৃহীত

কৃষিকাজ করলেও নানা ছলে প্রতারণাই তার মূল পেশা। নারীদের চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ রয়েছে মো. মাসুদ রানা ওরফে সাকিব খাঁনের (৩৯) বিরুদ্ধে। 

এক নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শনিবার তাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার পিবিআই সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাসুদ রানা ওরফে সাকিব খান স্টারমেকার অ্যাপসে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে গান পরিবেশন করেন। স্টারমেকার অ্যাপসে তার গানের কমেন্টস বক্সে ঐ নারী ভুক্তভোগী কমেন্ট করেন। এ কমেন্টের সূত্র ধরে দুজনের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়। সাকিব নিজেকে আর্মি অফিসার দাবি করে ওই নারীকে জানায় তার বাড়ি রাজশাহীতে। পরে তাদের দুজনের মধ্যে অনলাইনে বন্ধুত্ব হয়। ভুক্তভোগী নারী সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে প্রতারক মাসুদ তাকে আরো ভালো চাকরির প্রলোভন দেখায়। মাসুদের প্রলোভনের ফাঁদে পা দিয়ে ঐ নারী তাকে ২ লাখ টাকা দেয়।

Advertisement

তিনি আরো জানান, তবে সাকিব খাঁন তাকে চাকরি না দিয়ে আরো টাকা দাবি করলে ভুক্তভোগী নারী বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন। তখন তিনি টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বলেন। এতে প্রতারক রাজি হয়ে ভুক্তভোগীকে বলেন ৭ জুলাই যশোরের চাঁচড়া মোড়ের মধুমতি হোটেলে আসতে। কথা মতো ভুক্তভোগী ঐ নারী নির্ধারিত স্থানে যান।

তখন  ভুক্তভোগীকে এক গ্লাস জুস খেতে দেয় সাকিব খাঁন। জুস খাওয়ার পর ভুক্তভোগী সাকিবের কথামতো ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটি ও ১টি স্যামসাং মোবাইল তার হাতে তুলে দেন। সাকিব তখন ভুক্তভোগীর সামনে থেকে তার এসব স্বর্ণালংকার ও মোবাইল ফোনটি নিয়ে চলে যায়। 

পরে এসব বিষয়ে গত ১৫ জুলাই পিবিআই যশোর জেলা ইউনিটে ভুক্তভোগী এ বিষয়ে একটি অভিযোগ করেন। অভিযোগের পর পিবিআই এ বিষয়ে ছায়াতদন্ত শুরু করে।

পিবিআই তদন্ত জানতে পারে, প্রতারক মাসুদ ওরফে সাকিব খাঁন পেশায় একজন কৃষক। সে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। সে পেশায় কৃষক হলেও মূলত স্টারমেকার অ্যাপসে আর্মি ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিভিন্ন মেয়ের সঙ্গে সখ্য গড়ে তুলে। পরবর্তীতে ভালো চাকরির  প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকর নিয়ে নেয়। আগেও সে একাধিক মেয়ের সঙ্গে এমন প্রতারণা করেছে।

তদন্তের একপর্যায়ে পিবিআই যশোর জেলা ইউনিটের একটি দল গত শনিবার পাবনার ভাঙ্গুরা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাসুদ ওরফে সাকিব খানকে গ্রেপ্তার করে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: প্রতারণা
লিংক সফলভাবে কপি হয়েছে!