ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অসাধু ব্যবসায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ২৩ আগস্ট ২০২৩
অসাধু ব্যবসায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে: মেয়র আতিক
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যারা ব্যবসা পরিচালনায় অসাধু পন্থা অবলম্বন করে তাদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।

বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, আমাদের তৈরি পোশাক খাতের কমপ্লায়েন্স বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে এবং অন্যান্য খাতেও কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে। দেশে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক নীতিমালা নিশ্চিতকরণ একান্ত অপরিহার্য।

Advertisement

তিনি আরো বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরো সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। ব্যবসা পরিচালন ব্যয় হ্রাসে সংশ্লিষ্ট নীতিমালাসমূহ দ্রুত সংস্কার একান্ত আবশ্যক। যারা ব্যবসা পরিচালনা অসাধু পন্থা অবলম্বন করছেন, তাদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, আমাদের ব্যবসায়িক কাজে প্রয়োজনীয় ‘স্যাম্পল’ ছাড়াকরণে যদি সময় বেশি লাগে, তাহলে ব্যবসা চলে যাবে ভিয়েতনামসহ প্রতিযোগী অন্যান্য দেশসমূহে। তাই এক্ষেত্রে ব্যবসা সহজীকরণের কোনো বিকল্প নেই।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সব সেবা দ্রুত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে নিশ্চিতের লক্ষ্যে নগরবাসীকে ‘সবার ঢাকা’ অ্যাপ ব্যবহারের আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ অধিদফতরের উপ-পরিচালক (রিস্ক ম্যানেজমেন্ট) ড. শারমিন সামাদ, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কোষাধ্যক্ষ ড. মো. মনঞ্জুর-ই-খোদা তরফদার, শ্রম অধিদফতরের পরিচালক মো. বেলাল হোসেন শেখ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মো. মেহেদী হাসান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য শীষ হায়দার চৌধুরী, এনডিসি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. আব্দুস সাত্তার প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!