ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সোমবার ১৮ জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯, ৭ আগস্ট ২০২৩
সোমবার ১৮ জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা
ফাইল ফটো

রাজধানীসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে তীব্র বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর সোমবার সকালে এক আবহাওয়া বার্তায় দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ পূর্বাভাস দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
 
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া সারাদেশে চলমান বৃষ্টি আরো প্রায় দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement

এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া অপর এক আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এতে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!