ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকার তাপমাত্রা কমাতে ২ লাখ গাছ লাগাবে উত্তর সিটি: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৮, ৩ মে ২০২৩
ঢাকার তাপমাত্রা কমাতে ২ লাখ গাছ লাগাবে উত্তর সিটি: মেয়র আতিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকার তাপমাত্রা কমাতে আয়োজিত অনুষ্ঠান

ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ২ বছরে ২ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমি কাউন্সিলরসহ সব কমিউনিটির সহযোগিতায় গাছগুলো লাগাতে চাই। গাছগুলো বেড়ে উঠার ক্ষেত্রে আমি নগরবাসীর সাহায্য চাই। কারণ, গাছগুলো লাগানোর পর তা যেন কেউ ভেঙে না দেয়। আমরা যেন গাছের যত্ন করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ হিসেবে গড়ে তুলি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকার তাপমাত্রা কমাতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র।

Advertisement

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এর আওতায় ঢাকার তাপমাত্রা কমাতে উত্তর সিটি এবং ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিল্ডিং আরবান হিট রেসিলিয়েন্স: এন ইন্টারন্যাশনাল কলাবোরেশন বিটুইন ডিএনসিসি অ্যান্ড দ্য অ্যাড্রিয়েন আর্শট রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আর্শট-রক)’ শিরোনামে অনুষ্ঠান উদ্বোধনীর মাধ্যমে এর যাত্রা শুরু হয়। আর্শট-রক ফাউন্ডেশন এই চুক্তির ফলে তাপ কমাতে উত্তর ঢাকায় নানা কর্মসূচি বাস্তবায়ন করবে।

এ কার্যক্রম পরিচালনার জন্য বুশরা আফরিনকে উত্তর সিটি কর্পোরেশনের ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দেওয়া হয়।

সিএইচও বুশরা আফরিন প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা উত্তরকে নিরাপদ করার ক্ষেত্রে নেতৃত্বে দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নতুন নতুন কাজ করবেন।

অনুষ্ঠানে আতিকুল ইসলাম বলেন, আজ আমার শহরের জন্য একটি বিশেষ দিন। শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসির সঙ্গে আর্শট-রক ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দেওয়া হয়েছে, যিনি আর্শট-রকের সহযোগিতায় শহরের তাপমাত্রা কমাতে নানা কর্মসূচি গ্রহণ করবেন। 

তিনি বলেন, ঢাকা শহরের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। গরম বৃদ্ধির ফলে শহরের মানুষের জীবন ও জীবিকা হুমকিতে। আশা করছি, ডিএনসিসি এবং আর্শট-রকের যৌথ উদ্যোগ আমরা তাপমাত্রা কমানোর মাধ্যমে একটি নিরাপদ ও শীতল ঢাকা গড়তে সক্ষম হবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাগম্যান ম্যাকলিওড, অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের হিট অ্যান্ড সিটি ডিপ্লোমেসি বিভাগের প্রধান উপদেষ্টা মরিসিও রোডাস, শক্তি ফাউন্ডেশনের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের প্রধান সোহানি হক ইলিয়াস, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ ও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!