বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অনুমতিক্রমে বুশরা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপ সরানোর কাজ দেওয়া হয়েছে। এসব ধ্বংসস্তূপ ৪০ লাখ টাকায় কিনে নিয়েছে বুশরা ট্রেডার্স। তারা এই ধ্বংসস্তূপ সরিয়ে নেয়ার পর সেখানে ব্যবসায়ীদের জন্য অস্থায়ী বসার জায়গা করে দেওয়া হবে।
বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হুদা বলেন, ধ্বংসস্তূপ সরানোর পর ব্যবসায়ীদের পুনর্বাসনের কাজ শুরু হবে। ঈদের আগে অস্থায়ীভাবে ব্যবসায়ীদের দোকান বসানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে। খোলা জায়গায় সব ব্যবসায়ীকে বসার সুযোগ করে দেওয়া সম্ভব নয়। আমরা একটি দোকানে দুজন করে বসার সুযোগ দেওয়ার চেষ্টা করবো।
.png)
তিনি আরো বলেন, আসলে এখানে তো ব্যবসায়ীরা অনেক বেশি ব্যবসা করার জন্য বসবে না। ঈদের আগে তারা যদি এখানে একটু বসতে পারে, তাহলে দেনাদার ও পাওনাদারের কিছুটা সহানুভূতি পাবে। পাশাপাশি কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মালিকদের তালিকা করার কাজ চলছে। রোববার ব্যবসায়ীদের বৈঠক আছে। সেখানে চূড়ান্ত তালিকা উপস্থাপন করবো।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তালিকা অনুযায়ী ২ হাজার ৯১৬ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ বঙ্গবাজারের ব্যবসায়ী। এর বাইরে মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেটের ব্যবসায়ী রয়েছেন।
গত মঙ্গলবার ভোরে বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরো ছয়টি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।