ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শিক্ষকতা-ইমামতির আড়ালে জঙ্গিবাদ, জেএমবি সদস্য এমদাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০০, ১০ মার্চ ২০২৩
শিক্ষকতা-ইমামতির আড়ালে জঙ্গিবাদ, জেএমবি সদস্য এমদাদ গ্রেফতার
গ্রেফতারকৃত জেএমবি সদস্য মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ

১৬ বছর ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার ফেনী সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জমায়েতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

এটিইউ-এর মিডিয়া শাখার পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গ্রেফতারকৃত মো. এমদাদুল হক ও তার ১২ জন সহযোগী একত্রিত হয়ে বোমা হামলা চালিয়ে বরিশাল শহরে নাশকতার পরিকল্পনা করছিল।

এটিইউ জানায়, ২০০৭ সালের ৫ এপ্রিল বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী ও রাষ্ট্রবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন। মামলার পর থেকেই আসামি মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ আত্মগোপনে চলে যায়। সে ওমরাহ ভিসায় সৌদি আরব গিয়ে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত অবস্থান করে। এরপর বেআইনি অবস্থানের দায়ে জেল খেটে ২০১৪ সালে দেশে ফিরে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে শুরু করে।

আরো জানা গেছে, আসামি দীর্ঘ ১৬ বছর ধরে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। সে স্থানীয় মাদরাসায় শিক্ষকতা ও ইমামতি করে জঙ্গিবাদ বিস্তারসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!