হাটের জমিতে বসতবাড়ি
নওগাঁর রাণীনগরে প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে হাট-বাজারের জমি। সেখানে নির্মাণ করা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন স্থাপনা। এতে দিনদিন ছোট হচ্ছে বাজার, মিলছে না প্রয়োজনীয় পণ্য।
উপজেলার আটটি ইউপিতে ১৬টি বাজার ইজারা দিয়েছে প্রশাসন। কিন্তু দীর্ঘদিন ধরে এসব হাট-বাজার দখল কাঁচা ও পাকা স্থাপনা নির্মাণ করছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। প্রশাসন কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও বন্ধ হচ্ছে না দখলবাজি।
জমি দখল হওয়ায় সংকুচিত হয়ে পড়েছে রাণীনগরের আবাদপুকুর, ত্রিমোহনী, কুজাইল, বেতগাড়ী, কাটরাশইন, রাতোয়াল, পারইল, ভান্ডারগ্রাম হাটের আয়তন।
পশুর হাট ও ধানের মোকাম হিসেবে পরিচিত উপজেলার আবাদপুকুর হাটের ব্যবসায়ীরা জানান, প্রতি বছর লাখ লাখ টাকা ইজারা দিয়েও হাটে জায়গা পাওয়া যায় না। পর্যাপ্ত জায়গা না থাকায় আবাদুপুকর স্কুলের মাঠে বসানো হয়েছে পশুর হাট।
আবাদপুকুর হাটের ইজারাদার সুনিল কুমার সাহা জানান, হাটে জায়গা সংকুলান না হওয়ায় ইজারা মূল্য কমানো হয়েছে। এ কারণে পর্যাপ্ত রাজস্ব আদায় করা সম্ভব হচ্ছে না।
আবাদপুকুর ভূমি অফিসের তহশিলদার মাহাতাব হোসেন জানান, ওই হাটের জমি দখল করে ৩০-৪০টি বসতবাড়ি ও দোকান নির্মাণ করা হয়েছে। এসব দখলমুক্ত করতে কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করা হয়েছে।
রাণীনগরের ইউএনও আল মামুন বলেন, হাট-বাজারের জমি দখলের বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। শিগগিরই এসব জমি দখলমুক্ত করতে ব্যবস্থা নেয়া হবে।