নিউজিল্যান্ডের সাত ক্রিকেটার পুরস্কৃত
ক্রিকেটে অসামান্য অবদান রাখায় ২০১৯-২০ মৌসুমের সম্মানসূচক বার্ট সাটক্লিফ মেডেল-এ ভূষিত হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক সাত ক্রিকেটার। সম্মানজনক এ পুরস্কার পেয়েছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ও বর্তমান প্রখ্যাত ধারাভাষ্যকার ইয়ান স্মিথ, ওয়ালটার হ্যাডলি, মার্ভ ওয়ালাস, জন রেইড, গ্রাহাম ডাওলিং, রিচার্ড হ্যাডলি এবং ইওয়েন চাটফিল্ড।
পুরস্কারের প্রথম দিনে এই পুরস্কার পান তারা। করোনাভাইরাসের কারণে ভার্চুয়ালি নিজেদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেরে নিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।
সম্মানজনক এ পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ইয়ান স্মিথ। পুরস্কারটি তিনি তার স্ত্রী লুইসকে উৎসর্গ করেছেন। নিজের বক্তৃতায় তিনি স্মৃতিচারণ করেন তার খেলোয়াড়ি জীবন এবং ধারাভাষ্য কক্ষের নানান ঘটনা।
বক্তৃতায় ইয়ান বলেন, আমি সত্যিই কৃতজ্ঞ। আগেই এ পুরস্কার পাওয়া অসাধারণ ক্রিকেটারদের তালিকায় নিজের নাম দেখে আমি আবেগাপ্লুত। খেলাধুলার সময়টা ছিল স্বপ্ন বাস্তবায়নের সময়। স্যার রিচার্ড হ্যাডলির বোলিংয়ে কিপিং করা কিংবা মার্টিন ক্রো’র সঙ্গে ব্যাটিং করা, অন্য ক্রিকেটাররাও এতে অবদান রেখেছে।
তিনি বলেন, টেস্ট ক্রিকেটের প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি (ধারাভাষ্য কক্ষে)। ব্রেন্ডন ম্যাককালামের সেই ৩০০ রানের ইনিংস আমার আজীবন মনে থাকবে। লর্ডস, হোবার্টে টেস্ট জয়, রস টেলরের ২৯০, ইডেন পার্কে ইংল্যান্ডের সঙ্গে ঘটনাবহুল ড্র এবং অবশ্যই গত বছর লর্ডসের ফাইনাল ম্যাচ।
তিনি এই পুরস্কারটি স্ত্রীকে উৎসর্গ করে বলেন, আমি এই পুরস্কার আমার স্ত্রী লুইসকে উৎসর্গ করছি। ক্রিকেট এবং সফরের সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ জানেন, এটা করতে একটা শক্ত ভিত্তি দরকার। লুইস সবসময় আমাকে সেটা দিয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পুরস্কারের প্রথম দিনে ঘোষণা করা হয়েছে ঘরোয়া ক্রিকেটের সেরা খেলোয়াড়দের নামও। পুরুষ ক্রিকেটে ডেভন কনওয়ে এবং নারী ক্রিকেটে সোফি ডিভাইন এই পুরস্কার জিতেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের পুরস্কার ঘোষণা করা হবে আগামী বৃহস্পতি ও শুক্রবার।