চেলসির ফুটবলারদের অভিনব ‘মানবিক’ প্রতিবাদ
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হওয়ার অপরাধে হত্যা করা হয় জর্জ ফ্লয়েডকে। এরপর থেকেই এমন ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছে ক্রীড়াবিশ্ব। একদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের খেলোয়াড়রা প্রতিবাদ জানানোর পর এবার অভিনব উপায়ে ‘মানবিক’ প্রতিবাদ জানিয়েছেন একই লিগের আরেক দল চেলসির ফুটবলাররা।
মঙ্গলবার অনুশীলন করার সময় চেলসির প্রত্যেক ফুটবলার হাঁটু মুড়ে মাথা উঁচু করে বসে পড়েন। তারা এমন ভাবে বসেছিলেন যাতে ইংরেজি ‘এইচ’-এর মতো অক্ষর তৈরি হয়। ‘এইচ’ অক্ষর দিয়ে ‘হিউম্যান’ শব্দটিকে তুলে ধরেছেন তারা।
সবার প্রতি মানবিক হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বর্ণবৈষম্যের বিরুদ্ধেও গর্জে উঠেছেন চেলসির ফুটবলারেরা। দলটির গোলকিপার কেপা টুইট করেছেন, ‘অনেক হয়েছে। এবার আমরা সকলে এক হয়ে শক্তিশালী হচ্ছি।’
চেলসি ছাড়াও ইপিএলের আরেকটি ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের ফুটবলাররা ট্রেনিংয়ের সময় হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানাতে দলটি ‘আমরা সকলে এক’ (ইউনাইটেড অ্যাজ ওয়ান) হ্যাশট্যাগ চালু করেছে।
এর আগে আমেরিকার নিউইয়র্কে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গলার উপরে আট মিনিটের অধিক সময় ধরে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার তাঁর হাঁটু চেপে ধরে থাকেন। এতে শ্বাসরোধে মৃত্যু হয় ফ্লয়েডের। তার পর থেকেই প্রতিবাদে গর্জে উঠেছে সারা বিশ্ব।