ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চামড়ার টাকায় গাড়ি ভাড়াও হয় না

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
প্রকাশিত: ১৬:৩০, ৩০ আগস্ট ২০১৯
চামড়ার টাকায় গাড়ি ভাড়াও হয় না
ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ থেকে সাত হাজার টাকায় ট্রাক ভাড়া করে টঙ্গী বাজারে ১৫২টি চামড়া এনেছেন লালু মিয়া। এই চামড়া বিক্রি করেছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা। ট্রাক ভাড়াসহ তার প্রতি চামড়ার ক্রয় মূল্য পড়েছে ৩৭৫ টাকা।

অথচ টঙ্গী বাজারে তার প্রতিটি চামড়ার বিক্রয় মূল্য পড়েছে ৩৬ টাকা ১৮ পয়সা। এতে লালু মিয়াকে লোকসান দিতে হয়েছে ৩৩৮ টাকা ৮২ পয়সা।

এভাবেই মফস্বল থেকে চামড়া নিয়ে আসা ব্যবসায়ীরা টঙ্গীতে প্রতারিত হচ্ছেন।

Advertisement

টঙ্গী বাজারে চামড়ার স্তুপের পাশে দাঁড়িয়ে গামছা দিয়ে দুই চোখ মুছছেন লালু মিয়া। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর বাজারে।

সাংবাদিক পরিচয় দিয়ে অশ্রু সজল লালুর সমস্যার কথা জানতে চাইলে তিনি জানান, টেলিভিশনের খবরে তারা জানতে পারেন, ঢাকায় হাজার/বারোশ’ টাকায় চামড়া বিক্রি হচ্ছে। এমন খবরে বুকভরা আশা নিয়ে ১৫২টি চামড়া ট্রাকে করে তিনি টঙ্গী বাজারে পৌঁছান। এখানে এসেই চামড়ার দাম শুনে তার চক্ষু চড়কগাছ। অবশেষে হতাশ হয়ে তিনি চামড়া ফেরত নিতে চাইলে টঙ্গী বাজার গরু হাটের ইজারাদাররা তার গাড়ি আটকে দেন।

তাকে জানানো হয়, এই বাজারে এসে কেউ ফেরত যেতে পারেন না। চামড়া বিক্রি করলেও যেমন খাজনা দিতে হয়, তেমনি ফেরত নিলেও খাজনা দিতে হয়। তবে বিক্রি করলে চামড়া প্রতি ৬০ টাকা, আর ফেরত নিলে চামড়া প্রতি ২৫ টাকা করে বাজারের ইজারাদারদেরকে টোল বা খাজনা দিতে হয়। বাজারের ইজারাদারদের এমন আচরণে তখন লালুর বুক ফেটে কান্না আসে।

কান্নাজড়িত কণ্ঠে লালু বলেন, আমার পকেটে কোনো টাকা ছিল না। গতরাতে এসেছি। এখন দুপুর দুইটা বাজে। কিছুই খাইনি। টাকা থাকলে প্রতি চামড়ায় ২৫ টাকা করে টোল দিয়েই চামড়াগুলো ফেরত নিয়ে যেতাম।

‘ট্রাক ভাড়া সাত হাজার টাকা, চামড়া বিক্রি করেছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা। বাকি ট্রাক ভাড়া দিবেন কিভাবে এবং খাওয়া ও যাওয়ার ব্যবস্থা কি? জানতে চাইলে লালু মিয়া পাশে দাঁড়ানো একজন লোককে ডেকে এনে বলেন, ‘ওনার নাম এখলাস উদ্দিন, বাড়ি আমাদের এলাকায়, তিনি টঙ্গীতেই থাকেন। তাকে বাজারে ফোন করে এনে কিছু টাকা হাওলাদ নিয়েছি।’

এসময় এখলাস উদ্দিনও ক্ষোভ প্রকাশ করে বলেন, টেলিভিশনের মালিকরা কত টাকা পেয়েছেন? ঢাকায় চামড়া ১০০০ থেকে ১২০০ টাকা করে বিক্রি হচ্ছে টিভিতে এমন মিথ্যা খবর প্রচার করে সারা দেশ থেকে চামড়া এনে পানির দরে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে কেন?

তিনি আক্ষেপ করে বলেন, সরকার কাদের স্বার্থে এই সিন্ডিকেট করে এই টাকাগুলো কাদেরকে খাওয়াচ্ছে।

তিনি বলেন, টঙ্গী বাজার ঘুরে দেখলাম, সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে সর্বোচ্চ ৫০ টাকা করে চামড়া কিনে এই বাজারেই আড়তদাররা টেনারি মালিকদের কাছে ৭০০ থেকে ৮০০ টাকা করে চামড়া বিক্রি করছে। কেনো এভাবে সাধারণ ব্যবসায়ীদের গলাকাটা হচ্ছে এবং এতিম-মিসকিনদের হক নষ্ট করা হচ্ছে?

উত্তরার বাউনিয়া থেকে ২০টি বড় গরুর চামড়া টঙ্গী বাজারে বিক্রি করতে আসেন প্রদীপ চন্দ্র রায়। তিনি বলেন, আমিও এখানে চামড়া বিক্রি করতে এসে বিপদে পড়েছি। না পারছি চামড়া ফেরত নিতে, না পারছি বিক্রি করতে।

টঙ্গী বাজারের একজন পাইকারি চামড়া ব্যবসায়ী আমান উল্লাহ জানান, তারা চামড়ার সাইজ অনুযায়ী ৭০০ থেকে ৮০০ টাকা করে টেনারি মালিকদের কাছে বিক্রি করছেন।

বাজারের ইজারাদারদের টোল অফিসে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মচারীরা অভিযোগ অস্বীকার করে জানান, তারা বিক্রেতাদের কাছ থেকে কোনো টোল আদায় করেন না। যারা চামড়া ক্রয় করেন শুধু তাদের কাছ থেকেই টোল আদায় করেন। চামড়া ফেরত নিতে চাইলে কাউকে বাধা দেয়া হয় না বলেও তারা দাবি করেন।

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!