ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে ঢাবির চার শিক্ষার্থী
করোনার সংক্রমণ ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে শনিবার সন্ধ্যায় অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী।
অনশনে অংশ নেয়া শিক্ষার্থীরা হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন প্লাবন, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুনাইদ হুসাইন খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কে এম তূর্য। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী।
তাদের দাবি, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের দিল্লি, কেরালা, বিহার, মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ের পর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ জারি করেছে। অথচ পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। এতোকিছুর পরও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। যা অত্যন্ত দুঃখজনক। তাই আমরা নিজের দায়বদ্ধতা থেকে অনশনে বসেছি। এ সময় তারা দাবি আদায় না পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীরা তাদের বক্তব্য, মতামত প্রকাশ করবে এটাতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র। এটাতো ইতিবাচক। এটা ভালো।
ক্যাম্পাস বন্ধে কোনো সিদ্ধান্ত নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সিদ্ধান্ত হলে আমরা দ্রুত জানিয়ে দেব।
ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, সভা সমাবেশ এড়িয়ে চলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছি। আর এর বাইরে আজ রোববার একটি সেমিনার রয়েছে ফার্মেসি অনুষদে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে বসে আমরা মতামত নেব কি করা যায়। শিক্ষার্থীরা যেনো কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সেটার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা যেকোন সিদ্ধান্ত নিতে আহবান জানাবো। আমরা বিশেষজ্ঞদের মতামত জেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আজ রোববার দুপুরে ডাকসু ভবনে আমরা একটি মতবিনিময় সভা করব। সেখানে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে ডাক্তারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।