‘আমি ওই মূহুর্তে ৩২ কোটি গালি খেয়েছি’
করোনাভাইরাসের এই সময়ে ক্রিকেটপ্রেমীদের জন্য নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার তার সঙ্গে আড্ডা দেন তাসকিন আহমেদ, নাসির হোসেন ও রুবেল হোসেন। সতীর্থদের সঙ্গে আড্ডার সময় ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বাজে একটি মূহুর্তের কথা শেয়ার করেন তামিম।
ঘটনার পটভূমি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ। সেখানে গ্রুপপর্বের লড়াইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচটি জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের। এমন ম্যাচে এক পর্যায়ে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৯ রান, হাতে ছিল ১৫ বল। হাতে ২ উইকেট থাকায় ম্যাচের উত্তেজনা চরমে। তাসকিনের করা সেই ওভারের চতুর্থ বলটি উড়িয়ে মারেন ক্রিস ওকস। হাওয়ায় ভেসে লং অনে দাঁড়িয়ে থাকা তামিমের হাতের মুঠোয় চলে আসে বলটি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি মিস করেন তিনি।
শুক্রবারের লাইভ আড্ডায় সেই ক্যাচ মিসের পরের অনুভূতি জানতে চেয়ে তামিমকে প্রশ্ন করেন নাসির। প্রশ্নের জবাবে দেশসেরা ওপেনার বলেন, ‘যখন খেলাটা ক্লোজ হয়ে গিয়েছিল তখনই তাসকিনের বলে আমি ওকসের ক্যাচটা ছেড়েছিলাম। ক্যাচটা ছাড়ার পর আমার মনে হচ্ছিলো মাটি ফাঁক হয়ে যাক আর আমি ভিতরে ঢুকে যাই। আমাকে আর কেউ দেখার কোনো দরকার নাই। আমি ওই মুহূর্তে ৩২ কোটি গালি খেয়েছি। কারণ তখন বাংলাদেশের ১৬ কোটি মানুষের কেউই একটা করে তো না, দুইটা করে গালি দিয়েছে।’
তবে রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জেতে বাংলাদেশ। ম্যাচ জয়ের পরের অবস্থা উল্লেখ করে তামিম বলেন, ‘মাশাআল্লাহ রুবেল যে বোলিং করলো, দুইটা উইকেট নিয়ে নিলো। ওই ম্যাচের হাইলাইটস দেখলে দেখা যাবে সবাই রুবেলের পেছনে দৌড়ায়। সবাই রুবেলের পেছনে দৌড়ায় কারণ আমরা ম্যাচটা জিতে গেছি। আর আমি রুবেলের পেছনে দৌড়াইছি কারণ আমি বেঁচে গেছি। যদি ওই ম্যাচ হারতাম তাহলে আমার আর বাংলাদেশে আসা লাগতো না।’