ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেতুর অভাবে দুর্ভোগে হাজারো মানুষ

দেলোয়ার হোসেন, জামালপুর
প্রকাশিত: ১৩:০৮, ৭ সেপ্টেম্বর ২০১৯
সেতুর অভাবে দুর্ভোগে হাজারো মানুষ
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখনো বন্যার ক্ষত শুকায়নি। ফলে দুর্ভোগের মধ্যদিয়ে জীবন পার করছেন মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউপির হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, এবারের বন্যায় ঘোষেরপাড়া ইউপির ১০ সেতু, কালভার্ট ও ৪৫ কিলোমিটার সড়ক ভেঙে যায়। যা এখনো সংস্কার হয়নি। এতে যোগাযোগ ব্যবস্থাও অচল হয়ে পড়েছে। আর ভোগান্তি পোহাচ্ছে গ্রামের হাজারো মানুষ। বিশেষ করে পাকা সড়কে যানবাহন চলাচল করতে না পারায় শিক্ষার্থীদের বিকল্প পথ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়।

ঘোষেরপাড়ার কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান জানান, বন্যায় বিধস্ত সেতুটি নির্মাণ না করায় এখন প্রতিদিন প্রায় দুই কি.মি রাস্তা ঘুরে তাদের কলেজে যেতে হয়। র্দীঘদিন ধরে তারা এই দুর্ভোগ পোহাচ্ছেন।

চাড়াল কান্দি গ্রামের আমিনুল ইসলাম জানান, ব্রিজ ভাঙার ফলে উপজেলার বাসিন্দাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার দুর্ভোগ নিবারণের জন্য তিনি ব্রিজটির দ্রুত মেরামত দাবি জানান।

ঘোষেরপাড়া ইউপির চেয়ারম্যান ওবায়দুর রহমান জানান, বন্যায় তার ইউপির বেশিরভাগ গ্রামের কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রশাসনের সঙ্গে পরামর্শ করে এসব সড়ক সংস্কারের দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান জানান, বন্যায় ব্রিজ, সড়ক ভেঙে যাওয়ার ফলে বেশ কয়েকটি গ্রামের জনগণের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। দ্রুত ব্রিজটি মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

ইউএনও তামীম আল ইয়ামীন জানান, বন্যায় বিধ্বস্ত ব্রিজটি মেরামতের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওই প্রকল্পের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ প্রাপ্তির পরই দ্রুত সময়ের মধ্যে এ ব্রিজটির মেরামত কাজ শুরু হবে।

ডেইলি বাংলাদেশ/আর.এইচ/জেএস
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!