বুদ্ধি দিয়ে পাচার থেকে রক্ষা পেল শিশু তানজিলা
বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের ১১ বছরের মেয়ে তানজিলা আকতার নিজের বুদ্ধি দিয়ে পাচারকারীদের কবল থেকে রক্ষা পেয়েছে। তানজিলা ওই গ্রামের বেলাল সিকদারের মেয়ে। সে উপজেলার রাজৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে দেড়টার দিকে খোন্তাকাটা ইউপি সংলগ্ন সড়কে এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে তানজিলা জানায়, ওই সময়ে স্কুল থেকে সে বাড়িতে যাবার পথে পরিষদ সংলগ্ন মঠেরপাড় সড়কের মোড়ে একটি কালো রঙের মাইক্রোবাস এসে তার পাশে দাঁড়ায়। জনশূন্য সড়কে গাড়ির দরজা খুলে পাচারকারীরা তাকে জোর করে গাড়িতে তুলে নাকের কাছে একটি রুমাল ধরার পর তানজিলা অজ্ঞান হয়ে পড়ে।
.png)
সে আরো জানায়, পরে যখন তার জ্ঞান ফেরে, তখন তানজিলা নিজেকে আবিষ্কার করে একটি ঘরের তালাবদ্ধ কক্ষে। সেখানে আরো একটি শিশু অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে সে দেখেছে। তখন পাচারকারী দলের কেউ সেখানে নেই নিশ্চিত হয়ে সে রুমের জানালা ভেঙে বাগানের মধ্য দিয়ে মূল সড়কে উঠে ভ্যানযোগে চলে আসে। তবে ওই কক্ষে থাকা অপর শিশুটির ভাগ্যে কি হয়েছে, তা বলতে পারেনি তানজিলা।
এদিকে, বিষয়টি নিয়ে তানজিলার মা রিনা বেগম জানান, স্কুল থেকে টিফিনের সময় বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তিনি বিচলিত হয়ে পড়েন। বিকেল পর্যন্ত কোনো খবর না পেয়ে তিনি ভেঙে পড়েছিলেন। সন্ধ্যার কিছু পূর্বে তানজিলা ফিরে আসায় পরিবারে মাঝে স্বস্তি ফিরে আসে। বাড়ি এসে সংশ্লিষ্ট খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খান ও পরিবারের কাছে তানজিলা ঘটনার বর্ণনা করে।
তানজিলা জানায়, ওই এলাকায় তাকে নিয়ে গেলে ওই বাড়ির লোকেশন সে দেখাতে পারবে।
বিষয়টি নিয়ে ভ্যানচালক আমড়াগাছিয়া গ্রামের সালাম ফকির মোবাইল ফোনে জানান, বিকেল ৫টার দিকে শরণখোলা-মোরেলগঞ্জ মহাসড়কের গাজীর ব্রিজ এলাকায় স্কুল ড্রেস পরিহিত ওই মেয়েটিকে কাঁদতে দেখে তিনি নিয়ে আসেন।
এ বিষয়ে শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, ঘটনাটি তিনি জেনেছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ