বউয়ের কথায় নম্বর পরিবর্তন, সুফল মিলল পরের ম্যাচেই
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি ছিল অধিনায়ক হিসেবে মুমিনুল হকের চতুর্থ ম্যাচ। এর আগের তিন ম্যাচে ব্যাটে তেমন রান পাননি তিনি, দলও হেরেছে বেশ বাজেভাবে। তবে জিম্বাবুয়ে সিরিজে হেসেছে তার ব্যাট। একইসঙ্গে প্রায় এক বছর পর টেস্ট ফরম্যাটে জয়ের মুখ দেখেছে টাইগাররা। এর পেছনে মুমিনুলের জার্সির নম্বর পরিবর্তনকে কারণ হিসেবে ভাবছেন অনেকে। মজার ব্যাপার, বউয়ের কথাতেই জার্সি নম্বর পরিবর্তন করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
জিম্বাবুয়ে সিরিজের আগে ‘৬৮’ নম্বর জার্সি পড়ে খেলতেন মুমিনুল হক। তবে এই সিরিজে তার জার্সিতে দেখা যায় ‘০৭’ লেখা নম্বর। সংবাদ সম্মেলনে জার্সি নাম্বার পরিবর্তনে কারণ নিয়ে তাকে প্রশ্ন করা হলে শুরুতে কিছুই জানাননি। তিনি বলেছিলেন, ‘তেমন কোনো কারণ নেই। এমনিতেই পরিবর্তন করেছি।’
তবে পরে দেশের এক গণমাধ্যমকে মুমিনুল হক জানান, স্ত্রীর পছন্দের কারণেই জার্সি নম্বর পরিবর্তন করেছেন তিনি। এ বিষয়ে টাইগারদের টেস্ট দলপতি বলেন, ‘সংবাদ সম্মেলনে তো বলতে পারিনি। আসলে আমার স্ত্রী ‘০৭’ নম্বরটা খুবই পছন্দ করে। আমাকে বলেছিল, এই নম্বরটা আমার খুবই পছন্দ। পারলে তোমার জার্সি নম্বর করতে পারো। সেভাবেই করা এটা।’
জার্সি নম্বরে এই পরিবর্তন আনার পর যেন মুমিনুলের ব্যাটের রানখরাও কেটেছে। এর আগে সবশেষ ১৪ ইনিংসে একটি মাত্র হাফ সেঞ্চুরি করেছিলেন লিটল ডিনামাইট। তবে এই ম্যাচেই পেয়েছেন কাঙ্ক্ষিত শতকের দেখা। এ ম্যাচে ২৩৪ বলে ১৪ চারের সাহায্যে ১৩২ রান করেন মুমিনুল। অন্যদিকে তার নেতৃত্বে ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ।