ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেরি সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৪, ২৫ সেপ্টেম্বর ২০১৯
ফেরি সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট
ছবি: ডেইলি বাংলাদেশ

পদ্মায় আবারো পানি বেড়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। সেই সঙ্গে রয়েছে ফেরি সংকট। ফলে শতাধিক যানবাহন মহাসড়কে আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিস সূত্রমতে, স্বাভাবিকভাবে প্রতিটি ফেরির নদী পার হতে সময় লাগে ২৫ থেকে ৩০ মিনিট। কিন্তু বর্তমানে এক ঘণ্টারও বেশি সময় লাগছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত রুটে আটটি রো রো ও ছয়টি ছোট ফেরি চলাচল করেছে।

এ রুটের সন্ধ্যা মালতি ফেরিটি বিকল হয়ে স্থানীয় কারখানায় এবং আমানত শাহ নামে রো রো ফেরিটি বেশ কিছুদিন নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। শাপলা-শালুক নামে আরেকটি ফেরি জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে পরীক্ষামূলকভাবে চলার জন্য পাঠানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত চার কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

এ সময় একাধিক বাসচালক অভিযোগ করেন, দীর্ঘ সারিতে আটকা থেকে তারা অনেক ভোগান্তি পোহাচ্ছেন। তবে এ অবস্থায় ঘাট এলাকায় দালালদের তৎপরতা লক্ষ্য করা যায়। এছাড়া দৌলতদিয়ায় ছয়টি ঘাটের মধ্যে পদ্মায় পানি বেড়ে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুন নিমজ্জিত হওয়ায় সোমবার সারা রাত বন্ধ থাকে।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, পদ্মায় পানি বাড়ায় দৌলতদিয়ার ৫নম্বর ঘাটটি বন্ধ ছিল। মঙ্গলবার বিকেলে পন্টুন ওপরে টেনে সচল করা হয়েছে। এ মুহূর্তে সবগুলো ঘাটই সচল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এ নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১৪টি চলাচল করছে। ফেরিগুলোর ট্রিপে অতিরিক্ত সময় লাগায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। তবে মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!