ফরিদপুরে আটজন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি
ফরিদপুর সদরের ধুলদীতে একটি সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ে আটজন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ফরিদপুরের ডিসি অতুল সরকার বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে অ্যাডিশনাল ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসলাম মোল্লাকে আহবায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে হাইওয়ে পুলিশের উদ্যোগে অ্যাডিশনাল এসপি সিরাজুল ইসলামকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এতে হাইওয়ে পুলিশের এএসপি কে এম আব্দুল্লাহ ও আল্লাহদীপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন।
ফরিদপুরের ডিসি অতুল সরকার আরো বলেন, উভয় তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে দুর্ঘটনার কারণ উল্লেখ করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এফএম নাছিম জানান, এ সড়ক দুর্ঘটনা শনিবার রাতেই করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সুদীপ কুমার চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা করেছেন।
এর আগে শনিবার দুপুরে ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইনের একটি বাস ধুলদী এলাকায় সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে। এতে আটজন নিহত হন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ