ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসি র‍্যাংকিংয়ে সেরা দশে বোল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৮, ৮ জানুয়ারি ২০২৫
আইসিসি র‍্যাংকিংয়ে সেরা দশে বোল্যান্ড
ফটো- সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে অসাধারণ বোলিংয়ে করে র‍্যাংকিংয়ে সুখবর পেলেন স্কট বোল্যান্ড। প্রথমবারের মতো বোলারদের র‍্যাংকিংয়ের সেরা দশে জায়গা পেলেন এই অস্ট্রেলিয়ান পেসার। 

বুধবার (৮ জানুয়ারি) র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সিডনি টেস্টে ১০ উইকেট নিয়ে ২৯ ধাপ এগিয়েছেন বোল্যান্ড। ১৩ ম্যাচের ক্যারিয়ারে ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে তিনি যৌথভাবে ৯ নম্বরে অবস্থান করছেন। সেই ম্যাচে ৫ উইকেট পাওয়া প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে দুই নম্বরে অবস্থান করছেন। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। দুই ধাপ পিছিয়ে চার নম্বরে অজি পেসার জশ হ্যাজেলউড।টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জাসপ্রিত বুমরাহ। 

Advertisement

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলা রিশভ পন্থ তিন ধাপ এগিয়ে ৯ নম্বরে আছেন। কেপটাউন টেস্টে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ অবস্থানে আছেন টেম্বা বাভুমা। ঐ ম্যাচে ২৫৯ রানের ইনিংস খেলে রায়ান রিকেলটন এগিয়েছেন ৪৮ ধাপ, আছেন ৫৫ নম্বরে। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের শেষ টেস্টে দুই ইনিংসে পঞ্চাশের বেশি রান করা বাবর এগিয়েছেন পাঁচ ধাপ, আছেন ১২ নম্বরে। টেস্ট ব্যাটারদের মধ্যে শীর্ষস্থানে যথারীতি জো রুট।

এদিকে পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজে অসাধারণ পারফর্ম করেছেন মার্কো জানসেন। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন তিনি। এই তালিকায় এক ধাপ নেমে গেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। এক নম্বরে আছেন জাদেজা।

কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে ৪৬ বলে ১০১ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন শ্রীলংকার কুশল পেরেরা। ২৬ ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। টি-২০ ফরম্যাটে সেরা ব্যাটারদের তালিকায় এক নম্বরে আছেন ট্রাভিস হেড।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!