টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানানর পর রোহিতকে নিয়ে এমনটাই দাবি করেন টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রীত বুমরাহ। তাতেও অবশ্য কাজের কাজ হয়নি। টেস্টের প্রথম দিনেই সফরকারীরা ১৮৫ রানে অল আউট। শেষ বিকেলে অবশ্য অজিরা ৯ রান তুলতেই হারিয়েছে এক উইকেট।
শুক্রবার (৩ জানুয়ারি)মাঠে গড়ানো ম্যাচে ভারতের দলীয় ১১ রানে লোকেশ রাহুল ও ১৭ রানে যশস্বী জয়সওয়াল সাজঘরে ফেরেন। ইনিংসের অষ্টম ওভারে স্কট বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপের দিকে ক্যাচ তুলে দেন বিরাট কোহলি। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বল হাতের তালুবন্দির চেষ্টা করেন স্টিভেন স্মিথ। যদিও হাতে জমাতে পারেননি। বল তার হাতে লেগে বল গালি অঞ্চলে থাকা মার্নাস লাবুশেনের হাতে চলে যায়।
.png)
লাবুশেন বল ধরার পর অস্ট্রেলিয়া উদযাপনে মাতে। অনফিল্ড দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাইকেল গফ তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। বেশ কয়েকটি ক্যামেরা অ্যাঙ্গেলে রিপ্লে দেখে কোহলিকে নট আউট দেন জো উইলসন। আম্পায়ারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি অস্ট্রেলিয়া।
তৃতীয় উইকেটে শুভমান গিল ও কোহলি ৫০ রানের জুটি গড়েন। গিল ব্যক্তিগত ২০ রানে আউট হলে জুটি ভাঙে। শূন্য রানে জীবন পাওয়া কোহলি ইনিংস লম্বা করতে পারেননি। ৬৯ বলে ১৭ রান করে বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দেন।
দলীয় ১২০ রানে পরপর দুই বলে সাজঘরে রিশভ পান্ট ও আগের ম্যাচ বাঁচানোর নায়ক নিতিশ কুমার রেড্ডি। ৯৮ বলে ৪০ রান করে পান্ট এদিনও দেখিয়েছেন দৃঢ়তা, যথারীতি এদিনও তার উচ্চাভিলাষী শটে উইকেট হারানো নিয়ে হয়েছে সমালোচনা। রবীন্দ্র জাদেজা ২৬ রান করে বিদায় নিলে আর কেউ মাথা তুলে দাঁড়ানোর মতো ছিলেন না। ব্যাট হাতে অধিনায়কের দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বুমরাহ। ১৭ বলে তিনি খেলেন ২২ রানের ক্যামিও।
অস্ট্রেলিয়ার পক্ষে স্কট বোল্যান্ড চারটি এবং মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স দুটি করে উইকেট শিকার করেন।
শেষ বিকেলে উসমান খাজার উইকেট হারিয়েছে স্বাগতিকরা। তাকে সাজঘরে ফিরিয়েছেন জাসপ্রীত বুমরাহ। ভারতের ১৭৬ রানে পিছিয়ে থেকে অজিরা দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।