ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেড় যুগ পর নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ ম্যাচ জিতল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ২ জানুয়ারি ২০২৫
দেড় যুগ পর নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ ম্যাচ জিতল শ্রীলংকা
ফটো- সংগৃহীত

প্রথম দুই ম্যাচ হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে আগেই সিরিজ হাতছাড়া করেছে শ্রীলংকা। শেষ ম্যাচে তারা হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নেমেছিল। এ যাত্রায় অতিথি দল সফল। সিরিজের শেষ ম্যাচে ৭ রানের জয় পেয়েছে লঙ্কানরা। কুশল পেরেরার রেকর্ড সেঞ্চুরিতে ১৮ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে এটিই দলটির প্রথম জয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নেলসনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৮ রান তোলে শ্রীলংকা। ৮৩ রানে প্রথম ৩ উইকেট পড়লেও অধিনায়ক চারিথ আসালাঙ্কার সঙ্গে ১০০ রানের জুটি গড়েন কুশল। আসালাঙ্কা ২৪ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে থামেন।

মাত্র ৪৪ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান কুশল। লঙ্কান ব্যাটারদের মধ্যে যা দ্রুততম শতকের রেকর্ড। সাজঘরে ফেরার আগে ১৩ চার ও ৪ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলেন।

Advertisement

বড় রান তাড়ায় স্বাগতিকদের শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে আসে ৮১ রান। ২১ বলে ৩৭ রান করেন টিম রবিনসন। আরেক ওপেনার রাচীন রবীন্দ্র ৩৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৯ রান করেন। রবীন্দ্রকে সাজঘরে ফেরান আসালাঙ্কা।

নিউজিল্যান্ড শেষ ওভার পর্যন্ত লরাই চালায়। তবে ড্যারিল মিচেলের ১৭ বলে ৩৫, জাকারি ফুকসের ১৩ বলে অপরাজিত ২১ ও মিচেল স্যান্টনারের ১০ বলে ১৪ রানের ইনিংস শেষ পর্যন্ত বিফলে যায়।

লঙ্কানদের হয়ে আসালাঙ্কার ৩টি ছাড়াও দুটি উইকেট নেন ভানিন্দু হাসারাঙ্গা। একটি করে উইকেট পান নুয়ান থুশারা ও বিনুরা ফার্নান্দো।

আগামী রোববার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!