ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কনস্টাসের রঙিন অভিষেক, বুমরাহর তোপ  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৫, ২৬ ডিসেম্বর ২০২৪
কনস্টাসের রঙিন অভিষেক, বুমরাহর তোপ  
ফটো- সংগৃহীত

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দর্শকরা দেখলেন উপভোগ্য এক ক্রিকেট। টেস্ট অভিষেকে রেকর্ড গড়া অজি ওপেনার কনস্টাসের দারুণ ব্যাটিংয়ের পর জাসপ্রিত বুমরাহর শেষ বিকেলের তোপে দারুণ এক ম্যাচের পূর্বাভাস মিলেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দিন শেষে তুলেছে  ৬ উইকেটে ৩১১ রান। স্টিভেন স্মিথ ৬৮ ও অধনায়ক প্যাট কামিন্স ৮ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

বড়দিনের পরদিন ৮৭ হাজার দর্শকের উপস্থিতিতে মাঠে গড়ানো খেলায় অজিদের হয়ে ৮৯ রানের উদ্বোধনী জুটি গড়েন কনস্টাস ও উসমান খাজা। ১৯ বছর ৮৫ দিন বয়সে ব্যাটিংয়ে নেমেই রেকর্ড গড়েন কনস্টাস। তার চেয়ে কম বয়সে আরে কোনো অজি ব্যাটার ওপেনিংয়ে নামেননি। ১৯২৯ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে আর্চি জ্যাকসনের ১৯ বছর ১৪৯ দিন বয়সে ওপেনিংয়ে নামার রেকর্ড আজ ভেঙে গেল।

Advertisement

ক্রিজে এসে কনস্টাস তার প্রথম সাত ডেলিভারি খেলার সময় ব্যাটে-বলে সংযোগ ঘটাতে রীতিমতো সংগ্রাম করছিলেন। এ কালের সেরা পেসার জাসপ্রিত বুমরাহর বল খেলাটা ছিল বেশ কঠিন। এরপর যা ঘটেছে, তা যেন ছিল তরুণ ক্রিকেটারের আগমনী বার্তা। বুমরাহর ওভারেই একটি স্কুপ এবং দুটি রিভার্স স্কুপে টানা তিন বলে হাঁকালেন চার, ছক্কা এবং চার।

কনস্টাস ১৮ বল খেলে যেখানে ২ রানের বেশি তুলতেই পারেননি, সেই তিনিই কিনা, ওয়ানডে মেজাজে খেলে ৫২ বলে প্রথম টেস্ট ফিফটি তুলে নেন। সাহসী ব্যাটিংটা মেলবোর্নের গ্যালারির দর্শকরা বেশ উপভোগ করেছেন। সাজঘরে ফেরার আগে খেলেন ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস।  

প্রথম সেশনে কোহলি-কনস্টাসের একে অপরকে ধাক্কার ঘটনা যে উত্তাপ ছড়িয়েছে, তা বাকি সবকিছুকেই ছাড়িয়ে গেছে। দশম ওভার শেষে দুই দলের ক্রিকেটাররা প্রান্ত বদল করেছিলেন। এমন মুহূর্তে বল হাতে নিয়ে পিচে সামনে দিয়ে যাচ্ছিলেন কোহলি, অন্য পাশ থেকে আসছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস। তখন একে অন্যের সঙ্গে ধাক্কা লাগলে কোহলির দিকে তাকিয়ে কিছু বলতে দেখা যায় কনস্টাসকে। কোহলি তো আর ছেড়ে দেওয়ার পাত্র নয়, এই ভারতীয় ক্রিকেটারও উল্টো কয়েক লাইন শুনিয়ে দেন। 

দুজনের বাক্য বিনিময় লম্বা হতে দেননি আরেক ওপেনার উসমান খাজা ও অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ। এমন ঘটনার জবাব অবশ্য অস্ট্রেলিয়ান ওপেনার সঙ্গে সঙ্গেই ব্যাটের মাধ্যমে দিয়েছেন। দশম ওভারের শেষে এই ঘটনার সূত্রপাত যার উত্তর দিতে পরের বলকেই বেছে নেন কনস্টাস। ১১তম ওভারেই অভিষিক্ত অস্ট্রেলিয়ান ওপেনার যশপ্রীত বুমরাহ তিনবারের জন্য বাউন্ডারি ছাড়া করে নেন ১৮ রান। পরে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন।

ফিফটি পাওয়া আরেক ওপেনার খাজা ১২১ বলে ৬ চারে ৫৭ রানে বুমরাহর বলে লোকেশ রাহুলের তালুবন্দি হন। এর আগে তিনি মার্নাস লাবুশেনের সঙ্গে গড়েন ৬৫ রানের জুটি। তিনি নামা লাবুশেনও হাফ সেঞ্চুরি হাঁকান। ১৪৫ বলে ৭ চারে খেলেন ৭২ রানের ইনিংস। লাবুশেন এবং স্টিভেন তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন। ওয়াশিংটন সুন্দরের শিকার হয়ে লাবুশেন ফেরেন।

ভারতের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ানো ট্র্যাভিস হেড রানের খাতা খুলতে পারেননি। বুমরাহর শিকার হয়ে সাজঘরে ফেরেন। মিচেল মার্শ মাত্র ৪ রানে ফেরেন। অ্যালেক্স ক্যারি এবং স্মিথ ৫৩ রানের জুটি বেঁধে স্কোর তিনশর কাছে নিয়ে যান। শেষদিকে ক্যারিকে ফেরান আকাশদীপ। 

টিম ইন্ডিয়ার হয়ে বুমরাহ তিনটি ও একটি করে উইকেট শিকার করেছেন আকাশদীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!