ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্যাবরেরা-বাটলারকে নিয়ে যেভাবে সিদ্ধান্ত নেবে বাফুফে 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৪, ২০ ডিসেম্বর ২০২৪
ক্যাবরেরা-বাটলারকে নিয়ে যেভাবে সিদ্ধান্ত নেবে বাফুফে 
হাভিয়ের ক্যাবরেরা (বামে) ও পিটার জেমস বাটলার

চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি রয়েছে। জাতীয় নারী দলের হেড কোচের দায়িত্ব ছাড়লেও এলিট একাডেমিতে পিটার জেমস বাটলারের চুক্তির মেয়াদ চলতি বছরের শেষ দিনের পর আর বাকি থাকছে না। 

দুই কোচের সঙ্গে বাফুফে নতুন চুক্তি করবে নাকি তাদের বিদায় দেবে, বিষয়টি এখনো পরিষ্কার নয়। তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কোন পন্থায় নেয়া হবে, সেই ব্যাপারে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা নতুন কিংবা পুরাতন কোচ নিয়ে কথা বলছি না। আমরা প্রতিটা দিন চুক্তি অনুযায়ী এগিয়ে যাচ্ছি। বর্তমান কোচের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত আমরা এই কোচ নিয়েই কথা বলবো। জানুয়ারির ১ তারিখ থেকে আমরা নতুন মৌসুমের কোচ নিয়ে কথা বলবো। তখন অবশ্যই সিদ্ধান্ত যেটাই হোক, যেভাবেই হোক, আপনাদের জানানো হবে।’

Advertisement

‘শুধু কোচের পারফরম্যান্স দেখলেই হবে না। আমাদের দেখতে হবে দলকে কী কী সুবিধাদি দেওয়া হয়েছে, মাঠের পারফরম্যান্স দেখতে হবে। তো আমি মনে করি, যে অল্প সময় আমি পেয়েছি, তাতে মূল্যায়ন করার সময়টা আসেনি। তবে যে সকল তথ্য, উপাত্ত আমরা এবং জাতীয় দল কমিটি বিবেচনা করব, আমিও সেগুলো নিচ্ছি। তারপর সেগুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

২০২২ সালে জাতীয় পুরুষ দলের দায়িত্ব পাওয়ার পর ক্যাবরেরা তিন বছর ধরে লাল-সবুজের দলের কোচের পদে আছেন। এই স্পেনিয়ার্ডের সঙ্গে বাফুফে সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল গত মাসে কথা বলেছিলেন। সেখানে তিনি বাংলাদেশের হেড কোচকে বেশ কয়েকটি শর্ত দিয়েছেন। শর্তগুলো নিয়ে ভাবতে তাকে এক সপ্তাহের সময় দিয়েছিলেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। এরপর বিষয়টি নিয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পর বাংলাদেশ জাতীয় নারী দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান পিটার জেমস বাটলার। আসরের মাঝে খেলার বাইরেও অন্য কারণে বারবার গণমাধ্যমের শিরোনাম হতে হয়েছে পুরো দলকে। দলের মধ্যে কোচের সঙ্গে খেলোয়াড়দের মনোমালিন্য ছিল ওপেন সিক্রেট।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!